এপ্রিল-মে মাসে পদ্মার ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এপ্রিল-মে মাসে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা করছে সরকার। আজ সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, ‘জামিলুর রেজা চৌধুরী যে হিসাবটা দিয়েছেন তা হলো, সবকিছু নতুন করে শুরু করতে হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে, আগামী অক্টোবরে দরপত্র আহ্বান এবং এপ্রিল-মে মাসে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা। কিন্তু আরও কিছু টেন্ডার ডকুমেন্ট বিশ্বব্যাংকের কাছে আছে। আমরা শুনেছি তারা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে।’পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির প্রধান জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে বলেছিলেন, পদ্মা সেতু প্রকল্পের দরপত্র কার্যক্রম যেখানে থেমে ছিল, সেখান থেকে আবার শুরু করলেও আগামী বছরের সেপ্টেম্বরের আগে মূল সেতুর কাজ শুরু করা সম্ভব হবে না। নতুন করে দরপত্র আহ্বান করতে হলে মূল সেতুর কাজ আরও সাত-আট মাস পিছিয়ে যাবে। মানে ২০১৪ সালের প্রথম ভাগে এ কাজ শুরু হতে পারে।গত শনিবার বিকেলে এলিফ্যান্ট রোডের নিজ বাসায় দেওয়া এ সাক্ষাত্কারে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের সঙ্গে অর্থায়ন নিয়ে জটিলতা নিরসন, আগামী দিনে আর্থিক ও কারিগরি দিক দিয়ে কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং প্রকল্পের কাজ দ্রুত করার জন্য কী উদ্যোগ নেওয়া যেতে পারে, সেসব বিষয়ে খোলামেলা কথা বলেন। জামিলুর রেজা চৌধুরী বঙ্গবন্ধু সেতুরও বিশেষজ্ঞ কমিটির প্রধান ছিলেন।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় গত ২৯ জুন ১২০ কোটি মার্কিন ডলারের (নয় হাজার ৬০০ কোটি টাকা) ঋণচুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক। এর আগে অর্থ পাওয়ার পূর্বশর্ত হিসেবে দুর্নীতির জন্য সরকারের সন্দেহভাজন মন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে সরানোসহ চারটি শর্ত দিয়েছিল বিশ্বব্যাংক।চারটি শর্ত পূরণ হওয়ার পর গত শুক্রবার সকালে ওয়াশিংটন থেকে বিশ্বব্যাংকের পাঠানো এক বিবৃতিতে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে নতুন করে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিশ্বব্যাংক।