এপ্রিল শেষে মূল্যস্ফীতির হার ছিল ৮.৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরজুড়ে যাতনার নাম ছিল মূল্যস্ফীতি। অর্থমন্ত্রী আবুল মাল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের যে বাজেট বক্তৃতা রেখেছেন, তাতে মাসভিত্তিক হিসেবে গত এপ্রিলে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৭ শতাংশ উল্লেখ করা হয়েছে।অন্যদিকে বার্ষিক চলমান গড়ে গত এপ্রিল শেষে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫ শতাংশ।উল্লেখ্য, আগের মাস অর্থাত্ মার্চ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমান অর্থবছরে দেশে মূল্যস্ফীতির হার এতটা বেড়েছে।যদিও চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে অবশ্য তা সংশোধন করে ৮ শতাংশ করা হয়। কিন্তু সে পর্যায়ের অনেক ওপর দিয়েই গেছে জিনিসপত্রের দাম।উন্নত দেশে খাদ্যবহির্ভূত বিভিন্ন খাতে খরচ বেশি। কিন্তু দরিদ্র দেশগুলোতে আয়ের বেশি অংশই ব্যয় হয় খাদ্য কিনতে। ফলে বাংলাদেশের মতো দেশগুলোতে খাদ্যপণ্যের দামের ওপরই নির্ভর করে মূল্যস্ফীতির উঠানামা। খাদ্যসূচকে মূল্যস্ফীতি হার এখন আতঙ্কজনক পর্যায়ে চলে গেছে।গত এপ্রিলে খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি এখন মাত্র ৩ দশমিক ৯৭ শতাংশ।ব্যবধান বেড়েছে শহর ও গ্রামের মধ্যেও। গ্রামে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, মূল্যস্ফীতির চাপও পল্লি অঞ্চলে বেশি।গত এপ্রিলে পল্লি অঞ্চলে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৪৯ শতাংশ। গ্রামে খাদ্য উত্পাদন হয়। কিন্তু সেখানেই খাদ্যপণ্যের দাম শহর থেকে বেশি। পল্লি এলাকাতে খাদ্যসূচকে ১৫ দশমিক ৩৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত সূচকে ৩ দশমিক ৯০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে।অন্যদিকে, শহর এলাকায় এপ্রিলে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। এ ক্ষেত্রে খাদ্যসূচকে ১২ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত সূচকে ৪ দশমিক ১৮ শতাংশ।এর আগে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল ২০০৭ সালের ডিসেম্বরে, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে।সে সময়ে মূল্যস্ফীতি ঘটেছিল ১১ দশমিক ৫৯ শতাংশ। আওয়ামী লীগের নেতৃত্বে জোট সরকারের ক্ষমতা নেওয়ার সময় ২০০৯ সালের জানুয়ারি মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ০৬ শতাংশ। ৬ মাসের মধ্যে এই হার ২ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছিল। এরপর থেকেই নিয়ন্ত্রণ হারায় মূল্যস্ফীতি। যদিও নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের প্রথম অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। বলা হয়েছিল, ‘দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে।’