আগের কমিশনের পরিকল্পনা অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নতুন নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী মের শেষ সপ্তাহে ভোট গ্রহণ এবং এপ্রিলের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. জাভেদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে দিনের প্রথম ভাগে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে কমিশন বৈঠকে বসে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ঢাকা সিটির নির্বাচন-সম্পর্কিত সার্বিক বিষয়ে কমিশন অবহিত হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কমিশন যাতে কাজে পিছিয়ে না পড়ে, সে জন্য প্রাথমিক কাজ শুরু হয়েছে।এরপর জাভেদ আলী বলেন, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন যে পরিকল্পনা করে গেছে, তাতে কোনো পরিবর্তন আনা হবে না। কারণ, তাঁরা তাঁদের অনেক দিনের অভিজ্ঞতা থেকে পরিকল্পনা নিয়েছেন। এতে ভুল হওয়ার সুযোগ কম। তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণা কবে হবে, সে সম্পর্কে বর্তমান কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে আগের কমিশনের পরিকল্পনা এবং সময়ের হিসাব-নিকাশ অনুযায়ী নির্ধারিত শেষ সময়সীমার চার-পাঁচ দিন আগে, অর্থাৎ মের শেষ সপ্তাহে ভোট গ্রহণের দিন ধার্য করতে হবে। তফসিল ঘোষণা করা হবে ভোট গ্রহণের ৩৫ থেকে ৪০ দিন আগে, অর্থাৎ এপ্রিলের তৃতীয় সপ্তাহে।সংশোধিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, কোনো সিটি করপোরেশনকে ভাগ করা হলে বিভক্তির দিন থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই আইন গেজেট আকারে প্রকাশিত হয় গত বছরের ১ ডিসেম্বর। সে হিসেবে ২৯ মের মধ্যে ঢাকার দুই সিটিতে নির্বাচন করতে হবে।কমিশন সচিবালয় সূত্র জানায়, আগের কমিশন ঢাকা সিটি নির্বাচনের জন্য যে কর্মপরিকল্পনা রেখে গেছে, তাতে মের শেষ সপ্তাহে ভোট এবং এপ্রিলের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা বলা হয়েছে। গতকালের বৈঠকে কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এ-সংক্রান্ত সার্বিক প্রতিবেদন এবং আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি তুলে ধরা হয়। জানানো হয়, পরীক্ষা শেষ না হলে ভোটকেন্দ্রের জন্য স্কুল ভবন এবং ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে স্কুলশিক্ষকদের পাওয়া যাবে না। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর ২৯ মে পর্যন্ত উপযুক্ত যেকোনো দিনকে ভোট গ্রহণের জন্য বেছে নেওয়ার সুযোগ আছে।সূত্র জানায়, দুই সিটির ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে। এই তালিকা চূড়ান্ত হওয়ার পর তা মুদ্রণের জন্য পাঠানো হবে। উত্তর ঢাকার ৩৬টি ওয়ার্ডের ভোটারসংখ্যা ২১ লাখ ৬৯ হাজার ৩৫৪ জন। দক্ষিণ ঢাকার ৫৬টি ওয়ার্ডে ভোটার ১৬ লাখ ৭৯ হাজার ৭৪৫ জন।কমিশনার জাভেদ আলী জানান, আগের কমিশনের পরিকল্পনায় একই দিনে দুই সিটিতে ভোট গ্রহণের কথা বলা আছে। সেই সিদ্ধান্ত এখনো বহাল আছে। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এ জন্য আগেই এক হাজার ইভিএম ব্যবহারের উপযোগী করে তৈরি রাখতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে চিঠি দেওয়া হয়েছে।আগের কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তোলা হবে না: কমিশনার জাভেদ আলী জানান, আগের কমিশন নির্বাচনী প্রচারণার জন্য বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিককে (সুজন) যে টাকা দিয়েছে, তা নিয়ে বর্তমান কমিশন কোনো প্রশ্ন তুলবে না। এ বিষয়ে ইসি সচিবালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের অবহিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা কারও প্রতিপক্ষ নই। আমরা আমাদের মতো কাজ করব। আগের কমিশন হয়তো যৌক্তিক মনে করেই নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সুজনকে ১২ লাখ টাকা দিয়েছিল। আমরাও একই রকম কাজ হাতে নিতে পারি এবং যাদের যোগ্য মনে করব, তাদের দিয়ে প্রচারণার কাজ চালাব।’জাভেদ আলী আরও জানান, ‘৮০ হাজার ব্যাগ কেনা নিয়ে অভিযোগ আছে বলে শুনেছি। তবে এ নিয়ে কমিশনের বৈঠকে কোনো আলোচনা হয়নি। যত দূর জেনেছি, বর্তমান কমিশনের নিয়োগের আগেই এ বিষয়ে সংশ্লিষ্ট সরবরাহকারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।’