এপ্রিলে মূল্যস্ফীতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিলে মাসওয়ারি মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। ওই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ। আর গত মার্চ মাসে এই হার ছিল ৭ দশমিক ৭১ শতাংশ। আজ মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বশেষ মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করা হয়েছে। ২০০৫-০৬ সময়কে ভিত্তি বছর ধরে এই হিসাব করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক ৬৮ শতাংশ হয়েছে। মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এপ্রিলে এই উপখাতে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৯১ শতাংশ। আর মার্চে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ০৪ শতাংশ। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ১৯৯৫-৯৬ সময়কে ভিত্তি বছর ধরেও এপ্রিল মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হয়েছে। সেই ভিত্তি বছরেও মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৭ দশমিক ৯৩ শতাংশ হয়েছে।