এপ্রিলে ‘অন্তর্ধান’
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের নতুন ছবি অন্তর্ধান মুক্তি পাচ্ছে আগামী এপ্রিল মাসে। গত সোমবার কোনো কর্তন ছাড়াই ছবিটির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ডায়মন্ড জানান, অন্তর্ধান ছবিটি এখন তিনি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি।অববাহিকায় বাঁধ দেওয়ার ফলে নদীগুলো শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। হুমকির মুখে পড়েছে নদীর আশপাশের মানুষ। বদলে যাচ্ছে তাদের জীবনযাত্রা, পেশা। নতুন কাজের সন্ধানে তারা চলে যাচ্ছে দূরে কোথাও। শুরু হচ্ছে এক অনিশ্চিত জীবন। এখনো এসব অঞ্চলের মানুষ পানির স্বপ্ন দেখে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও নিপুণ। ফেরদৌস এর আগে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গাযাত্রা ছবিতে অভিনয় করেছেন। ২০০৯ সালে গঙ্গাযাত্রা ছবিটি সেরা পরিচালক, কাহিনিকার, অভিনেতা, অভিনেত্রী, শিশুশিল্পী, সেট, পোশাক ও রূপসজ্জা বিভাগে পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।