এপ্রিলের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, আগামী বছর এপ্রিল মাসের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। এ সরকারের আমলেই সেতুর নির্মাণকাজ শেষ হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ শনিবার রাজধানীর ঢাকা চেম্বার মিলনায়তনে ‘জাতীয় যোগাযোগ অবকাঠামো নির্মাণ ক্ষেত্রে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিয়েশন সেন্টারের (আইআইএফসি) নির্বাহী পরিচালক নজরুল ইসলাম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্রাটেজির (আইডিএস) চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, ডিসিসিআই গঠিত ন্যাশনাল কমিউনিকেশন ট্রান্সপোর্ট স্টাডি কমিটির আহ্বায়ক এ এস এম মহিউদ্দিন মোনেম, ডিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি এম শাহজাহান খান, সহসভাপতি সিরাজউদ্দিন মালিক, পরিচালক ওলিউর রহমান ও সৈয়দ তৌফিক এলাহী প্রমুখ।সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় যোগাযোগ অবকাঠামো খাতে যেকোনো ধরনের বিনিয়োগ বা প্রকল্প প্রস্তাবকে সরকার স্বাগত জানায় উল্লেখ করে মন্ত্রী বলেন, বেসরকারি পর্যায় থেকে এই খাতের যেকোনো প্রকল্প প্রস্তাব নিয়ে এলে তা অনুমোদন দেওয়া হবে। রেলপথ, সড়ক, ফ্লাইওভার বা ওভারব্রিজ নির্মাণের প্রস্তাব নিয়ে ব্যবসায়ীরা এগিয়ে আসতে পারেন। তিনি জানান, ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে এক হাজার ৭৫টি গাড়ি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী মাসে কোরিয়া থেকে ৩০০ গাড়ি আমদানি করা হচ্ছে। এর মধ্যে ১৫০টি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি রয়েছে।ফুটপাতে পায়ে হেঁটে চলাচলের উপযোগী করতে ব্যবসায়ীরা দাবি জানালে যোগাযোগমন্ত্রী বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ এলাকাগুলোর ফুটপাত থেকে দোকান সরিয়ে ফেলতে ১ নভেম্বর থেকে কার্যক্রম শুরু করা হবে।—বাসস