এপ্রিলের শেষে ঢাকায় বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ওই সময়ের পরিস্থিতির আলোকে এ সমাবেশ থেকে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য তাৎক্ষণিক অবস্থান বা টানা হরতালের মতো কর্মসূচি দেওয়া হতে পারে।বিএনপির উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিলকে সম্ভাব্য তারিখ ধরে এই কর্মসূচি বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। আর জোটের কর্মসূচি হলেও এর পুরো নেতৃত্ব থাকবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে।দলীয় সূত্র বলছে, বিএনপির মধ্যে সমাবেশ ছাড়াও অসহযোগ আন্দোলন চালানোর ব্যাপারে আলোচনা আছে। সুযোগ ও সময়মতো অবস্থান কর্মসূচির ব্যাপারেও ভাবা হচ্ছে। এ ধরনের কর্মসূচির সফলতার সম্ভাবনা নিয়ে অবশ্য দলের মধ্যেই প্রশ্ন আছে। তবে এখন থেকে বিএনপির নেতৃত্বাধীন জোট বিভিন্ন সময়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকার বিএনপির ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছে। তবে বিএনপি বসে থাকবে না। দাবি আদায়ের জন্য যা করার দরকার, সবই করবে। বিএনপির নেতৃত্বে আগামীতে এমন কর্মসূচি দেওয়া হবে, যা সরকারের ওপর প্রভাব ফেলবে।’চলতি মাসে সরকারকে রাজনৈতিকভাবে ‘বেকায়দায় ফেলতে’ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও হেফাজতে ইসলামের ওপর অনেকটাই নির্ভর করে বিএনপি। কিন্তু এই দল ও সংগঠনগুলো সরকারকে বড় ধরনের সংকটে ফেলতে ব্যর্থ হয়। বিশেষ করে হেফাজতে ইসলামের ৬ এপ্রিলের কর্মসূচি ঘিরে বিএনপির বিপুল প্রত্যাশা ছিল। মূলত দুই শরিক জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট বিএনপির মনে এই প্রত্যাশা তৈরি করেছিল। কিন্তু ৬ এপ্রিল রাতে জোটের বৈঠকে জামায়াতের নেতা আবদুল হালিম খালেদা জিয়াকে বলেন, এই কর্মসূচি ঘিরে তাঁদের হাতে কোনো নেতৃত্ব ছিল না। অন্যদিকে ইসলামী ঐক্যজোট বলেছে, তাদের দল হেফাজতে ইসলামের প্রধান অংশ নয়। কেবল কর্মসূচিতে ছিল। ফলে পরবর্তী কর্মসূচি নির্ধারণে কোনো ভূমিকা তাদের ছিল না। সব মিলিয়েই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত নেতাদের মুক্তির দাবিতে জামায়াত-শিবিরের কর্মসূচি এবং ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের নিজস্ব কর্মসূচি ১৮ দলের সরকার পতন আন্দোলনে তেমন শক্তি জোগাতে পারেনি। বিএনপি নেতৃত্ব মনে করছে, মানবতাবিরোধীদের বাঁচাতে জামায়াতের কর্মসূচি জনগণ ভালোভাবে নিচ্ছে না। এ দাবিতে তাদের আন্দোলন ১৮-দলীয় জোটের নির্দলীয় সরকারের আন্দোলনকে শক্তিশালী করবে না। হেফাজতের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে বলেও মনে করছে বিএনপি। এ ধারণা থেকে দলটির বিশ্বাস, হেফাজতে ইসলামের পক্ষেও তেমন কিছু করা সম্ভব নয়। এ উপলব্ধি থেকেই বিএনপি নিজের হাতে নেতৃত্ব রেখে এ মাসের শেষে জোরালো কর্মসূচির কথা বিবেচনা করছে।১০ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঢাকায় বড় ধরনের শক্তি প্রদর্শনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিএনপি এপ্রিল মাসকে গুরুত্ব দিয়ে আন্দোলনের কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছিল। গত বুধবারের ওই বৈঠকে এপ্রিলের শেষ চেষ্টা হিসেবে সরকার পতন আন্দোলনের নেতৃত্ব নিজেদের কাছে রেখে নতুন কর্মসূচি প্রণয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি মনে করছে, বিরোধী দলের কর্মসূচিতে সরকারের পতন হয়তো হবে না, কিন্তু সরকার ঝুঁকির মুখে পড়বে। এটি ‘একতরফা’ নির্বাচন করতে সরকারের ‘বর্তমান মনোভাবে’ পরিবর্তন আনতে পারে।