এফ রহমান হল ছাত্রলীগের দুই পক্ষে রাতভর সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই রামদা, চাপাতি, পাইপ, লাঠি, হকিস্টিক নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি পেটানো হয় সাধারণ ছাত্রদেরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০-২৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গতকাল সকালে হল শাখার সভাপতি সাইদুজ্জামান ফারুকসহ নয়জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা হয়েছে।পুলিশ ও ছাত্ররা জানান, হলের সিট দখলকে কেন্দ্র করে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রলীগ নেতা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসানের ইন্ধনেই এ ঘটনা ঘটেছে। তাঁর নির্দেশেই হলের সভাপতি সাইদুজ্জামান ফারুক সাধারণ সম্পাদকের অনুসারীদের কক্ষে গভীর রাতে ছাত্র ওঠানো শুরু করেন। এ নিয়েই সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে ইসলামের ইতিহাসের তৃতীয় বর্ষের আবুবকর সিদ্দিকের অবস্থা গুরুতর। ১০ ঘণ্টা পর গতকাল বিকেলে তাঁর জ্ঞান ফিরেছে। কাঁদানে গ্যাসের শেলের আঘাতে তাঁর মাথার পেছনের হাড় ফেটে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।হলের শিক্ষার্থীরা জানান, সোমবার রাত ১২টার পর হঠাত্ করেই হলের সাধারণ সম্পাদকের অনুসারীদের কক্ষগুলোতে ছাত্র ওঠানো শুরু করেন সভাপতি ফারুক। এতে বাধা দেন মেহেদী। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে উভয় পক্ষই লাঠিসোঁটা, চাপাতি নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। চলে হলের এক ব্লক থেকে আরেক ব্লকে ঢিল ছোড়াছুড়ি।প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই বোতলের মধ্যে পেট্রল ভরে আগুন ধরিয়ে পরস্পরের দিকে নিক্ষেপ করেছে। এ সময় গুলির শব্দও পাওয়া যায়। অন্তত ২০টি কক্ষ ভাঙচুর করেছে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত দুইটার দিকে পুলিশ হলে ঢুকলেও নীরব ছিল। একপর্যায়ে তাঁরা হলে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। পরে হল কর্তৃপক্ষের অনুমতি পেয়ে পুলিশ ভেতরে ঢুকে এবং সাধারণ ছাত্র, সাংবাদিকসহ সবাইকে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উজ্জ্বল, শুভ, শাওন, শাকিল, হাফিজ, ফারুক, রুহুল, তপু, আমিরুল, জাহিদ ও সালেহিন। এ ছাড়া ভয়ে তৃতীয় ও চতুর্থতলা থেকে লাফিয়ে নামতে গিয়ে আরও কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সংঘর্ষে থানার কর্মকর্তা নাসিমউদ্দিনসহ সাতজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ হলের সভাপতি সাইদুজ্জামান ফারুক, ফয়সাল, জসীম, রাজীব, কায়েস, আলাল, জুয়েল, রকিব ও ফারুককে আটক করে। প্রক্টর সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাতেই তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। সংঘর্ষে জড়িতদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। সংঘর্ষের ঘটনায় হলের ৩০৭ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ওমর ফারুক শাহবাগ থানায় একটি মামলা করেছেন। মামলায় হলের সভাপতি ফারুক, এনামুল হক, জনি, জুয়েল, তুষার, আইন বিভাগের আলমগীর, বাংলা বিভাগের আলমগীর, রকিব, জসিম, ফয়সাল, কায়েস, রাজীব, রকি ও আলমকে আসামি করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন নেতা বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে কেন্দ্রীয় নেতাদের পছন্দের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীদের মধ্য থেকে পদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীদের ওপর ক্ষুব্ধ ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান। ফলে তিনি তাঁর সমর্থক নেতা-কর্মীদের নিয়ে নিজের মতো করে সংগঠন গোছানোর চেষ্টা করছিলেন।এ বিষয়ে জানতে চাইলে মাহমুদ হাসান বলেন, এফ রহমান হলে সংঘর্ষ একটি বিচ্ছিন্ন ঘটনা। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হবে। জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই হলের সভাপতি আপনার সমর্থক কি না, জানতে চাইলে মাহমুদ হাসান বলেন, ‘আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। বিশেষ কারও সঙ্গে আমার আলাদা সম্পর্ক নেই।’ তবে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, এফ রহমান হলের সভাপতি সাইদুজ্জামান ফারুককে মুক্ত করতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশে তিনটি হলের কয়েকজন শীর্ষ নেতা উপাচার্যের কার্যালয়ে যান। তাঁরা উপাচার্যকে অনুরোধ করেন, ফারুককে ছাড়ানোর ব্যবস্থা করতে। তবে উপাচার্য তাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আইন অনুযায়ী জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।