এফএ কাপের ফাইনালেই খেলছেন টেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির কারণে আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে পারবেন কি না দুই দিন আগেও এ নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কেটে গেছে। বুধবার স্ক্যান করার পর পাওয়া গেছে সুসংবাদটি। জন টেরির ইনজুরি মোটেই গুরুতর কিছু নয়। কাল শনিবার পোর্টসমাউথের বিপক্ষে এফএ কাপের ফাইনালেই মাঠে নামছেন চেলসির অধিনায়ক। গতকাল বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনেও অংশ নিয়েছেন টেরি। রয়টার্সকে টেরি বলেন, ‘পায়ের ইনজুরি নিয়ে আমি অনেক বেশি আশঙ্কায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, হয়তো হাড় ভেঙে গেছে। তবে স্ক্যানের পর বুঝতে পারছি, কোনো সমস্যা নেই।’এখন পায়ে কোনো সমস্যা অনুভব করছেন না জানিয়ে টেরি বলেন, ‘পুরোপুরি সুস্থ অনুভব করছি। বল দিয়ে দৌড়াতে কোনো সমস্যা হচ্ছে না। আগের মতোই অনুশীলন চালিয়ে যাচ্ছি আমি।’চেলসির অধিনায়কের মাঠে ফেরা ইংল্যান্ডের ম্যানেজার ফ্যাবিও ক্যাপেলোর জন্য স্বস্তির খবর। আগামী জুনের ১২ তারিখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামতে যাচ্ছে ইংল্যান্ড। আর এ অভিযানে সফল হতে হলে তো টেরির মতো অভিজ্ঞ ফুটবলারকেই প্রয়োজন ক্যাপেলোর। ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সদস্য ও চেলসিতে টেরির সতীর্থ জো কোল বলছেন, ‘টেরির ইনজুরি আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল। শুনে ভালো লাগছে, তাঁর ইনজুরি সমস্যা নেই।’