হরতালের বিকল্প খুঁজতে বলায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, এফবিসিসিআইয়ের সভাপতি সরকারের মনোনীত। এই পদে কোনো ভোটও হয়নি। তাই তাঁর পক্ষে এ ধরনের কথা বলাই স্বাভাবিক।গতকাল রোববার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কড়া ভাষায় এফবিসিসিআইয়ের সভাপতির সমালোচনা করেন। সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের প্রতিবাদে দেশব্যাপী কাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালসহ বিএনপির ছয় দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করা হয়। সংবাদ ব্রিফিং: খোন্দকার দেলোয়ার বলেন, ‘তিনি (এ কে আজাদ) এফবিসিসিআইয়ের সরকারের মনোনীত সভাপতি। তাঁর পক্ষে এ ধরনের পক্ষপাতযুক্ত কথা বলা অস্বাভাবিক নয়। তবে এতে সাধারণ মানুষ কর্ণপাত করবে না।’ তিনি আরও বলেন, ‘তিনি কীভাবে পুঁজিপতি হয়েছেন, তা খুঁজলেই বের করা যায়।’খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, ‘হরতালের দিন কারখানা বন্ধ রাখলে তাঁর লাভ কম হবে, এই চিন্তা করে তিনি হরতালের সমালোচনা করেছেন। তাঁরা শ্রমিকদের স্বার্থ চিন্তা করেন না। তাঁদের বেতন বাড়ানোর জন্যও কিছু করেন না। তাঁদের দেওয়া অল্প বেতনে শ্রমিকেরা কীভাবে চলেন, সেটা নিয়ে তাঁদের কোনো চিন্তা নেই।’ বিএনপির মহাসচিব বলেন, বিএনপি এখন পর্যন্ত মাত্র দুটি হরতাল করেছে। আর ৩০ নভেম্বর আরেকটি হরতাল ডেকেছে। অথচ আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় দুই দফায় ১৭৩ দিন ও ১৩০ দিন হরতাল করেছে। তখন কেন এ কে আজাদ প্রতিবাদ জানাননি, তা জানতে চান বিএনপির মহাসচিব। সারা দেশে বিএনপির যেসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি ও নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান খোন্দকার দেলোয়ার। সরকারের এই ধরপাকড়ের জবাব কঠোর হরতাল পালনের মাধ্যমে দেওয়া হবে। তিনি শান্তিপূর্ণভাবে হরতাল করার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। তবে একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সরকার যেভাবে ধরপাকড় করছে, তাতে বোঝা যায় যে তারা আমাদের শান্তিপূর্ণভাবে হরতাল করতে দেবে না।’প্রসঙ্গত, হরতালের সমালোচনা করে এ কে আজাদ বলেছিলেন, দেশের রপ্তানি প্রবৃদ্ধি যখন ৩০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে, সে সময় এ ধরনের হরতাল কর্মসূচি অর্থনীতিকে পেছনের দিকে নিয়ে যাবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হবে। নতুন বেশি-বিদেশি বিনিয়োগকারীরা হতাশ হবেন এবং বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হবে। ক্রেতারা বাংলাদেশের বিকল্প খুঁজবে। তিনি অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে বিএনপিকে হরতালের বিকল্প কর্মসূচি বের করারও আহ্বান জানান।হরতালের সমর্থনে সমাবেশ: গতকাল বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, বিএনপির ডাকা হরতাল নিয়ে সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। জনগণের দাবি আদায়ের জন্যই হরতাল দেওয়া হয়েছে। হরতালের সমর্থনে আগামীকাল ঢাকা মহানগরের প্রতিটি থানায় মিছিল-সমাবেশ করার আহ্বান জানান তিনি। সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের প্রতিবাদে ৩০ নভেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালসহ বিএনপির ছয় দিনের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, সারা দেশে সরকার পুলিশি রাজত্ব কায়েম করেছে। পুলিশ সাধারণ মানুষকে নির্যাতন করছে। ৩০ নভেম্বরের হরতালে বাধা দিয়ে কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি করলে তার দায় সম্পূর্ণ সরকারের।বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ। গ্রেপ্তারকৃতদের আইনি সহায়তা দেওয়ার জন্য সেল: হরতালের আগে ও হরতালের সময় যাঁরা গ্রেপ্তার হবেন, তাঁদের আইনি সহায়তা দেওয়ার জন্য সারা দেশে আইনি সহায়তা সেল গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে বলে বিএনপির নেতারা জানিয়েছেন।