এফবিসিসিআই সভাপতির ৭ দফা
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতিগুলোর ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে সাত দফা সুপারিশ করেছেন। প্রথম আলো আয়োজিত ‘শেয়ারবাজার: প্রতিবেদনের পর কী?’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে গতকাল বৃহস্পতিবার তিনি সুপারিশগুলো করেন। সুপারিশগুলো হলো—১. পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এসইসির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে পারে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত কমিটির প্রতিবেদনে সংস্থাটির কয়েকজন কর্মকর্তা সম্পর্কে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। তাই দুদকের উচিত বিষয়টি খতিয়ে দেখা। ২. শেয়ারবাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারের উচিত এসইসির চেয়ারম্যান ও সদস্যদের সরিয়ে দেওয়া। ৩. বাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদেরও শাস্তি দিতে হবে। আগের মতো এবারও যদি শাস্তি না হয়, তাহলে মানুষ ক্ষুব্ধ হবে। শাস্তি নিশ্চিত করতে ব্যবসায়ী, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৪. বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতায় ব্যাংকগুলোতে তারল্য-সংকট সৃষ্টি হয়েছে। মূলত এ কারণে সুদের হার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজের ব্যর্থতার দায়ভার এখন ব্যবসায়ীদের ওপর চাপাচ্ছেন। সুদের হার কমিয়ে আনতে হবে।৫. পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো যে মুনাফা করেছে, তা পুঁজিবাজারে ফিরিয়ে আনতে হবে। আমি শুনেছি, ব্যাংকগুলো শেয়ারবাজার থেকে প্রায় দুই হাজার কোটি টাকা মুনাফা করেছে। এ টাকা বাজারে ফেরত দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যাংক যদি অনৈতিক কাজ করে, তাহলে সেসব ব্যাংকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ৬. এসইসিতে একটি উপদেষ্টা কমিটি আছে। কিন্তু এ কমিটিকে ঠিকমতো কার্যকর করা হয়নি। সরকারের উচিত এ কমিটিকে কার্যকর করে এসইসির কাজের তদারকির দায়িত্ব দেওয়া। কারণ, মন্ত্রণালয়ের একার পক্ষে সবকিছু তদারকি করা সম্ভব নয়। এ কমিটির দায়িত্ব হবে প্রতি মাসে বৈঠক করে এসইসির কর্মকাণ্ড বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, যাতে ভবিষ্যতে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সামাল দেওয়া যায়। ৭. এসইসির সংস্কার কর্মকাণ্ড তদারকির জন্য একটি টাস্কফোর্স গঠন করাও প্রয়োজন।