এফবিসিসিআইর নির্বাচন তিন দিন পিছিয়ে ২০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন তিন দিন পিছিয়ে যাচ্ছে। দুই বছরমেয়াদি এ নির্বাচন আগামী ১৭ জুনের পরিবর্তে ২০ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এফবিসিসিআইর নির্বাচনের দিন ১৭ জুন নির্ধারিত থাকলেও ওই দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের প্রার্থী ও ব্যবসায়ী নেতাদের এফবিসিসিআইতে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। এফবিসিসিআইর নির্বাচন ঢাকা ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হবে।এ ছাড়া এফবিসিসিআইর নির্বাচন কমিশন আগামী ১২ জুন চেম্বার গ্রুপের ও ১৩ জুন অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থী পরিচিতি সভা আয়োজন করবে বলে জানা গেছে।এ দিকে গত মঙ্গলবার নির্বাচন কমিশন পরিচালক পদের জন্য চূড়ান্ত প্রার্থীদের এ তালিকা প্রকাশ করেছে। এতে ৭৪ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। চেম্বার গ্রুপ থেকে চূড়ান্ত প্রার্থী ২৮ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের চূড়ান্ত প্রার্থী হয়েছেন ৪৬ জন।জানা গেছে, ৪৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ২৮টি পদে সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৪ জন করে নির্বাচিত হবেন। এ ছাড়া আট চেম্বার থেকে আটজন ও আটটি সমিতি থেকে আটজন নিজস্ব সংগঠন দ্বারা পরিচালক মনোনীত হয়ে থাকেন। ইতিমধ্যে এসব পদে তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, অ্যাসোসিয়েশন গ্রুপে মনোনীত পরিচালকেরা হলেন: বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) থেকে মো. ফজলুল হক, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে এ কে এম নুরুল ফজল বুলবুল, ওষুধ শিল্প সমিতির আবদুল মুকতাদির, টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের আবদুল হাই সরকার, বিজিএমইএ থেকে কে এম জামান (রোমেল), ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে নিজামউদ্দিন আহমেদ, হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির মাকসুদুর রহমান এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন থেকে নাজমুল হক। অন্য দিকে চেম্বার থেকে মনোনীত পরিচালকেরা হলেন: বাংলাদেশ চেম্বার থেকে এ কে আজাদ, বরিশাল থেকে শেখ আবদুর রহিম, চট্টগ্রাম থেকে এস এম নুরুল হক, ঢাকা চেম্বার থেকে হোসেন খালেদ, খুলনা থেকে সাহারুজ্জামান মোর্তজা, মেট্রো চেম্বার থেকে গোলাম মাঈনুদ্দিন, রাজশাহী থেকে মো. হাসেন আলী ও সিলেট থেকে হাসীন আলী।