এফবিসিসিআইর সভাপতির সমালোচনায় দেলোয়ার
হরতালের বিকল্প খুঁজতে বলায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি এ কে আজাদের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আজ রোববার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কড়া ভাষায় তাঁর সমালোচনা করেন। খোন্দকার দেলোয়ার বলেন, ‘তিনি (এ কে আজাদ) এফবিসিসিআইর সরকার মনোনীত সভাপতি। তাঁর পক্ষে এ ধরনের পক্ষপাতযুক্ত কথা বলা অস্বাভাবিক নয়। তবে এতে সাধারণ মানুষ কর্ণপাত করবে না।’ তিনি আরও বলেন, ‘তিনি কীভাবে কোটিপতি হয়েছেন, তা খুঁজলেই বের করা যায়।’ দেলোয়ার অভিযোগ করেন, ‘হরতালের দিন কারখানা বন্ধ রাখলে তাঁর লাভ কম হবে, এই চিন্তা করে তিনি হরতালের সমালোচনা করেছেন। তাঁরা শ্রমিকদের স্বার্থ চিন্তা করেন না। তাঁদের বেতন বাড়ানোর জন্যও কিছু করেন না। তাঁদের দেওয়া অল্প বেতনে শ্রমিকেরা কীভাবে চলে সেটা নিয়ে তাঁদের কোনো চিন্তা নেই।’ বিএনপির মহাসচিব বলেন, বিএনপি এখন পর্যন্ত মাত্র দুটি হরতাল করেছে। আর আগামী ৩০ নভেম্বর আরেকটি হরতাল ডেকেছে। অথচ আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় দুই দফায় ১৭৩ দিন ও ১৩০ দিন হরতাল করেছে। তখন কেন এ কে আজাদ প্রতিবাদ জানাননি, সেটা তিনি জানতে চান। খোন্দকার দেলোয়ার সারা দেশে বিএনপির যেসব নেতা-কর্মীকে গণগ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দেওয়ার দাবি জানান। এ ছাড়া নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে মিথ্যা আখ্যায়িত করে সেগুলো প্রত্যহারের দাবি জানান। তিনি শান্তিপূর্ণভাবে হরতাল করার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। তবে একই সঙ্গে তাঁর আশঙ্কা, ‘সরকার যেভাবে ধর-পাকড় করছে তাতে বুঝা যায়, তারা আমাদের শান্তিপূর্ণভাবে হরতাল করতে দেবে না।’প্রসঙ্গত, বিএনপি হরতালের ডাক দেওয়ায় এর সমালোচনা করে এ কে আজাদ বলেন, দেশের রপ্তানি প্রবৃদ্ধি যখন ৩০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে, সে সময় এ ধরনের হরতাল কর্মসূচি অর্থনীতিকে পেছনের দিকে নিয়ে যাবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হবে। নতুন বেশি-বিদেশি বিনিয়োগকারীরা হতাশ হবে এবং বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হবে। ক্রেতারা বাংলাদেশের বিকল্প খুঁজবে। তিনি অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে বিএনপিকে হরতালের বিকল্প কর্মসূচি বের করারও আহ্বান জানান।২২ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির মুলতবি বৈঠকে ৩০ নভেম্বর মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত হয়। বিএনপির দাবি, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হত্যা-খুন বন্ধ, তারেক-কোকোসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে হরতাল ডেকেছে।