এফবিসিসিআইয়ের নতুন সভাপতি এ কে আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সাবেক সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন প্রথম সহসভাপতি এবং রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সভাকক্ষে সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের ৪৪ জন পরিচালকের ভোটের মাধ্যমে এসব পদে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বরিশাল চেম্বারের মনোনীত পরিচালকের পদটি নির্বাচন কমিশন স্থগিত রাখায় ৪৩ জনের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে এ কে আজাদ ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে কোনো ধরনের ভোটাভুটি ছাড়াই সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।প্রথম সহসভাপতি পদের জন্যও মো. জসিমউদ্দিন ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে সহসভাপতি পদে মোস্তফা আজাদ চৌধুরী ও নওগাঁ চেম্বারের শামসুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু শামসুল হক মনোনয়নপত্র জমা না দেওয়ায় এ পদেও কোনো রকম ভোটাভুটির প্রয়োজন পড়েনি।গতকাল বিকেলেই নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফ আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআইয়ের ফলাফল ঘোষণা করেন। পরে তিনি নবনির্বাচিত সভাপতি ও দুই সহসভাপতিকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করে দেন। এ সময় নির্বাচন কমিশনার প্রবীর কুমার সাহা উপস্থিত ছিলেন।মো. আলী আশরাফ এ সময় নবনির্বাচিত কমিটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ও ব্যবসায়ী সমাজের স্বার্থে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি এ কে আজাদ বলেন, নির্বাচনে বিজয়ী ও পরাজিত সব ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে তিনি অর্থনৈতিক উন্নয়নে কাজ করবেন। এ ছাড়া বর্তমান পরিচালনা পর্ষদের অসমাপ্ত কাজগুলো শেষ করবেন। তিনি আরও বলেন, দেশের সাড়ে তিন কোটি ব্যবসায়ী বিগত অর্থবছরে ৬০ হাজার কোটি টাকা সরকারকে রাজস্ব হিসেবে দিয়েছে। সরকার এফবিসিসিআইকে সহায়তা করলে ও পরামর্শ নিলে প্রতিবছর ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ রাজস্ব বাড়ানো সম্ভব হবে। এ কে আজাদ বলেন, দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম কাজ হবে এফবিসিসিআইকে শক্তিশালী করা। এ জন্য গবেষণা বিভাগের উন্নয়নের পাশাপাশি সংগঠনের আয় বৃদ্ধি এবং সরকারের কাছ থেকে একটি জায়গা নিয়ে এফবিসিসিআইয়ের নিজস্ব ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া সব চেম্বার ও সমিতির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও তথ্যের আদান-প্রদান করা হবে।নবনির্বাচিত প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন বলেন, ব্যবসায়ী ও শিল্পপতিদের সংগঠন হিসেবে এফবিসিসিআইকে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসারে কাজ করতে হবে। গত শনিবার এফবিসিসিআইয়ের সরাসরি ভোটে ২৮ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় আজাদ-জসিম পরিষদ। ২৮টি পরিচালক পদের মধ্যে এ প্যানেলেরই ২১ জন জয়ী হয়েছেন। অন্য প্যানেলগুলো থেকে সাতজন জয়ী হন। নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আগামী ৩০ জুন দায়িত্ব নেবেন বলে এফবিসিসিআই সূত্রে জানা গেছে।