এফবিসিসিআইয়ের নতুন সভাপতি কাজী আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালক পদের নির্বাচনের পর গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন।এতে আগামী দুই বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন চট্টগ্রাম উইমেন চেম্বারের মনোয়ারা হাকিম আলী এবং সহসভাপতি হয়েছেন মেইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মো. হেলাল উদ্দিন।তবে সভাপতি ও সহসভাপতি নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে গতকাল এফবিসিসিআইতে খানিকটা নাটকও হয়েছে। গণতান্ত্রিক পরিষদের প্রার্থীরা অভিযোগ করেছেন, তাঁরা সকাল থেকে এফবিসিসিআইতে এলেও নির্বাচন বোর্ডের সদস্যসচিবের দেখা পাননি। সে কারণে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেননি। সচিব ফেরেন মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর বেলা তিনটা ৩১ মিনিটে। গণতান্ত্রিক পরিষদের প্রার্থীদের মতে, সদস্যসচিবের নিখোঁজ থাকার বিষয়টি ‘রহস্যজনক’।এ বিষয়ে জানতে চাইলে সদস্যসচিব আফসারুল আরিফিন প্রথম আলোকে বলেন, ‘আমি তো ছিলাম। ব্যক্তিগত কাজে পৌনে ১২টার দিকে বাইরে যাই। তার আগে মনোনয়নপত্র বিক্রি হয়েছে।’গত শনিবার এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩০টি পরিচালক পদের মধ্যে ২০টিতে জয় পায় কাজী আকরাম উদ্দিন আহ্মদের নেতৃত্বাধীন প্যানেল। এর মধ্যে চেম্বার গ্রুপের ১৫টি পদের ১১টি এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ১৫টির নয়টিতে জয়ী হন এই প্যানেলের প্রার্থীরা।অন্যদিকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্যানেল গণতান্ত্রিক পরিষদের চেম্বার গ্রুপ থেকে চারজন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ছয়জন পরিচালক নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী নির্বাচিত এই ৩০ পরিচালক ও সরকারনির্ধারিত সংগঠন থেকে মনোনীত ১৮ জন পরিচালক সংগঠনের নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করেছেন।নির্বাচন: এবারের নির্বাচনে সভাপতি পদে কাজী আকরাম উদ্দিন আহ্মদ ছাড়া আর কোনো প্রার্থী ছিলেন না।তবে দুই সহসভাপতি পদে দুটি প্যানেল থেকেই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্যানেল থেকে প্রথম সহসভাপতি পদে মনোয়ারা হাকিম আলী ও সহসভাপতি পদে হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। আর গণতান্ত্রিক পরিষদ থেকে প্রথম সহসভাপতি পদে গোলাম মোস্তফা তালুকদার ও সহসভাপতি পদে আবদুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন।পরে অবশ্য গোলাম মোস্তফা তালুকদার ও আবদুল হক অপর দুই প্রার্থীর সঙ্গে সমঝোতা করে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন।সন্ধ্যা সাড়ে সাতটায় ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ মো. আলী আশরাফ। তিনি বলেন, এফবিসিসিআইয়ের নির্বাচনে প্রার্থীরা পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, তা জাতির জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘এফবিসিসিআই খণ্ডিত হলে আমরা কোথাও দাম পাব না। তাই আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এফবিসিসিআইকে কলুষমুক্ত রাখব। দলীয় দৃষ্টিকোণ থেকে দেখব না।’ফল ঘোষণার সময় বিদায়ী সভাপতি এ কে আজাদ বক্তব্য দেন।২৯ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে নতুন পরিচালনা পর্ষদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এদিকে পরিচালকদের কোনো বিষয়ে আপত্তি থাকলে আজ মঙ্গলবারের মধ্যে তাঁরা আপিল করতে পারবেন। কাল বুধবার তা নিষ্পত্তি হবে।মনোনয়ন নিয়ে নাটক: সকাল সাড়ে ১০টা থেকে নির্বাচন বোর্ডের মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া শুরু হওয়ার কথা। তবে গণতান্ত্রিক পরিষদের অভিযোগ, সকাল থেকে চেষ্টা করেও তারা মনোনয়নপত্র কিনতে পারেনি।এ প্যানেল থেকে নির্বাচিত পরিচালক আবদুল হক দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তিনি সহসভাপতি পদের জন্য মনোনয়নপত্র কিনতে এসে নির্বাচন বোর্ডের সদস্যসচিবকে খুঁজে পাননি। এফবিসিসিআইয়ের অন্য পক্ষের এক নেতা সদস্যসচিবকে সরিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি। একই অভিযোগ করেছেন গণতান্ত্রিক পরিষদের অ্যাসোসিয়েশন গ্রুপের প্যানেল নেতা আবু আলম চৌধুরীও।বেলা আড়াইটার দিকে নির্বাচন বোর্ডের সদস্য আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘নোটিশ বোর্ডে আমরা টাঙিয়ে দিয়েছিলাম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হবে। আমি দুইটায় এসেছি, সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছি। কিন্তু তাঁকে পাইনি। তখন তাঁর মোবাইলও বন্ধ পাই। পরে মোবাইল খোলা পেলে তাঁর সঙ্গে কথা হয়। তিনি জানান, হাসপাতালে আছেন। দ্রুত চলে আসবেন।’ঠিক বিকেল তিনটা ৩১ মিনিটে (নির্ধারিত সময় শেষ হওয়ার পর) এফবিসিসিআইতে ফেরেন সদস্যসচিব আফসারুল আরিফিন। তাঁকে দেখামাত্রই গণতান্ত্রিক পরিষদের নেতারা মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার সময় চার ঘণ্টা বাড়ানোর দাবি তোলেন। এরপর সভায় বসে নির্বাচন বোর্ড। পরে প্রার্থীদের বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। ওই সময় মনোনয়নপত্র জমা দেন গণতান্ত্রিক পরিষদের দুই প্রার্থী। নির্বাচন শুরু হয় সন্ধ্যা ছয়টায়।নির্বাচিত পরিচালকেরা: গত শনিবার পরিচালক নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে কাজী আকরাম উদ্দিন আহ্মদের প্যানেলের নয়জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন: নিজামউদ্দিন আহমেদ, আবদুর রাজ্জাক, কে এম আকতারুজ্জামান, হারুন-অর-রশিদ, এম এ মোমেন, শফিকুল ইসলাম, শাহেদুল ইসলাম, আবু মোতালেব ও মো. হেলাল উদ্দিন। একই গ্রুপ থেকে আনিসুল হকের সমর্থিত গণতান্ত্রিক পরিষদের নির্বাচিত ছয় পরিচালক হলেন: আবদুল হক, আবু আলম চৌধুরী, সাফকাত হায়দার, ওবায়দুর রহমান, মোহাম্মদ জালালউদ্দিন ও আনোয়ার হোসেন।অন্যদিকে চেম্বার গ্রুপ থেকে কাজী আকরাম পরিষদের নির্বাচিত ১১ পরিচালক হলেন: আমিনুল হক, রেজাউল করিম, বজলুর রহমান, মনোয়ারা হাকিম আলী, মমতাজ উদ্দিন, প্রবীর কুমার সাহা, এ কে এম সাহিদ রেজা, আবদুল ওয়াহেদ, জালাল উদ্দিন আহমেদ, মো. সিরাজুল হক ও বিজয় কুমার কেজরিওয়াল। গণতান্ত্রিক পরিষদ থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন: আনোয়ার সাদাত সরকার, গোলাম মোস্তফা তালুকদার, কোহিনুর ইসলাম ও তোবারাকুল মোসাদ্দেক হোসেন।