এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোট গ্রহণ শেষ, গণনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দুই বছর মেয়াদি বিভিন্ন পদের জন্য আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ঢাকার মতিঝিলে এফবিসিসিআই ভবনে সকাল নয়টা থেকে কোনো বিরতি ছাড়াই বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হয়। এখন ভোট গণনার কাজ চলছে। গণনা শেষে রাতেই ফল ঘোষণা করা হবে।খোঁজ নিয়ে জানা গেছে, এক হাজার ৬৯১ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৪০ জন ভোট দিয়েছেন। এর মধ্যে চেম্বার গ্রুপের ৩৫১ জন ভোটারের মধ্যে ৩৪১ জন ভোট দেন। অ্যাসোসিয়েশন গ্রুপে এক হাজার ৩৪০ জন ভোটারের মধ্যে এক হাজার ১৯৯ জন দিয়েছেন।ভোটার ও বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে। এবারের নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং প্রথম সহসভাপতি পদে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়্যারম্যান মো. জসিমউদ্দিন প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এ দুজন একটি পূর্ণাঙ্গ প্যানেলও দিয়েছেন।এদিকে এফবিসিসিআইয়ের সহসভাপতি আবু আলম চৌধুরীর নেতৃত্বে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকেও এটি পূর্ণ প্যানেল দেওয়া হয়েছে।অন্যদিকে চেম্বার গ্রুপ থেকে এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদসহ ছয়জন একটি খণ্ডিত প্যানেল দিয়েছেন।জানা গেছে, ৪৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৮টি পদে সরাসরি ভোট নেওয়া হয়েছে। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৪ জন করে পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া আটটি চেম্বার থেকে আটজন ও আটটি সমিতি থেকে আটজন নিজস্ব সংগঠন দ্বারা এরই মধ্যে পরিচালক মনোনীত হয়েছেন। এবার সরাসরি ভোটের জন্য চেম্বার গ্রুপ থেকে ২০ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৪ জন প্রার্থী হয়েছেন।আজকে নির্বাচনে বিজয়ী ২৮ জন ও মনোনীত ১৬ জনসহ মোট ৪৪ জন পরিচালক মিলে আগামী সোমবার বিকেল চারটায় সংগঠনের সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। এবার চেম্বার গ্রুপ থেকে সভাপতি ও সহসভাপতি এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রথম সহসভাপতি নির্বাচিত হবেন।বাণিজ্যমন্ত্রী ফারুক খান আজ বিকেলে এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোটাভুটির কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এবং জানিপপের নাজমুল আহসান কলিমুল্লাহ নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।