এফবিসিসিআইয়ের বক্তব্য নাকচ করল কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকার সময় ব্যাংকগুলোর বিনিয়োগ আইনি সীমার মধ্যে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক কোনো উদ্যোগ নেয়নি বলে এফবিসিসিআইয়ের বক্তব্য নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলেছে, শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) গত রোববারের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এ সংক্রান্ত তথ্য সঠিক নয়।এফবিসিসিআইয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গতকাল সোমবার সংগঠনের ১২ সদস্যের প্রতিনিধিদলের প্রত্যেকের কাছে কেন্দ্রীয় ব্যাংকের এই লিখিত বক্তব্য দেওয়া হয়। এফবিসিসিআই বলেছিল, বাংলাদেশ ব্যাংক ২০১০ সালের এপ্রিল মাসে (যখন সূচক ৬০০০-এর চেয়েও কম ছিল) এ বিষয়ে সতর্কতামূলক প্রজ্ঞাপন জারি করে।আর কেন্দ্রীয় ব্যাংক তাদের লিখিত বক্তব্যে আরও বলেছে, ‘এটা কৌতূহল উদ্দীপক যে, এখন যারা বাংলাদেশ ব্যাংককে কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য দায়ী করছেন, তারা নিজেরাই ওই সময় ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ বিধিবদ্ধ সীমার মধ্যে নামিয়ে আনার সময়সীমা বিলম্বিত করার জন্য জোরালোভাবে তদবির করেছেন।’বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। অন্যদিকে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ প্রতিনিধিদলে ১২ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ‘এটা সত্য যে, তখন আমরা বাংলাদেশ ব্যাংককে বলেছি। কিন্তু তখন যদি আমাদের কথা শুনে থাকে, তবে ডিসেম্বরে গিয়ে কেন শুনলেন না।’এ বিষয়ে সাংবাদিকেরা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমরা সব সময়ই পুঁজিবাজারের উন্নয়নের বিষয়টি মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত নিয়েছি। বিশেষত, কারিগরি দিকটিতে আমাদের মনোযোগ ছিল বেশি।’ একই কথা বলেন অপর নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী।সালমান রহমানকে প্রশ্ন করা হয়েছিল আপনি বলেছেন শেয়ারবাজারের জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। জবাবে তিনি বলেন, ‘আমাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। আমি এমন কথা বলিনি।’ তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। তারা প্রবৃদ্ধি অর্জনসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছিল। যখন মূল্যস্ফীতি বেড়ে যায়, তখন কেন্দ্রীয় ব্যাংক সিআরআর বাড়িয়ে দিয়েছিল।সালমান এফ রহমান বলেন, শেয়ারের সরবরাহ না থাকা এবং অন্যদিকে টাকার সরবরাহ বাড়ায় মূল্যবৃদ্ধি হয়ে এই বিপর্যয় হয়। তিনি বলেন, এখনো বাজারে শেয়ারের ঘাটতি রয়েছে। এখন আবার ব্যাংক ও আর্থিক খাতের টাকা বাজারে গেলে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।এ কে আজাদ বলেন, ব্যাংকে তারল্য-সংকট কমে এসেছে। বাজেটের আগেই স্বাভাবিক হয়ে যাবে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, এটা ঠিক, বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর শেয়ারে বিনিয়োগ কমিয়ে আনতে সে সময় বারবার তাগাদা দিয়েছে।বাংলাদেশ ব্যাংক তাদের লিখিত বক্তব্যে এফবিসিসিআইয়ের আগের দিনের সংবাদ সম্মেলনের অনেক বক্তব্যই নাকচ করে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধি ও জোরালো অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির কারণে এপ্রিল শেষে পয়েন্ট টু পয়েন্ট-ভিত্তিতে মূল্যস্ফীতির হার হয়েছে ১০ দশমিক ৭ শতাংশ। সাম্প্রতিক সময়ে জ্বালানির মূল্য পুনর্নির্ধারণের কারণে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্তর বৃদ্ধি পাবে। উচ্চ ও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির ফলে ব্যাংকগুলো ব্যক্তি, গৃহস্থালী কিংবা ব্যবসা খাত থেকে স্বল্পসুদে আমানত নিতে পারবে না। ফলে আমানতের উচ্চসুদ দিলে ঋণের সুদ ঊর্ধ্বমুখী হবে। এ পরিস্থিতিতে আমানত ও ঋণের সুদ হারের ওপর সীমা আরোপ করা হলে তা পরিস্থিতিকে জটিলতর করবে এবং আমানতের প্রবৃদ্ধি ও ঋণপ্রাপ্তিকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, বর্তমানে উন্নত ও উন্নয়নশীল সব দেশের অর্থনীতির জন্য মূল্যস্ফীতি স্থিতিশীল রাখা একটি প্রধান চ্যালেঞ্জ। চীনের আমানত ও ঋণের সুদহার তাদের কমিউনিস্ট শাসনের ধারাবাহিকতায় এখনো নির্ধারণ করে দেওয়া হচ্ছে। চীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য আগ্রাসী পদক্ষেপ নিয়েছে, যদিও তাদের মূল্যস্ফীতির হার বাংলাদেশের তুলনায় অর্ধেক। এ বছর চীনের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়িয়েছে চারবার। একই সময়ে বাংলাদেশে বাড়ানো হয়েছে দুইবার। ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুুদহার বাড়িয়েছে নয়বার, একই সময়ে বাংলাদেশে তা বাড়ানো হয়েছে তিনবার। বাংলাদেশ ব্যাংক বলেছে, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের মেয়াদি ঋণের জন্য স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক উৎস থেকে তা সংগ্রহ করতে পারে। এতে অভ্যন্তরীণ ঋণের সুদহার নমনীয় হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এটা টাকার বিনিময় হার অবমূল্যায়ন রোধের ক্ষেত্রেও যেমন ভূমিকা রাখতে পারে, তেমনিভাবে স্থানীয় ব্যাংকগুলোর দায়-সম্পদ ব্যবস্থাপনার অসামঞ্জস্যতাও দূর করতে পারে।বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ব্যাংকগুলোকে তাদের ২০১০ সালে পুঁজিবাজারে বিনিয়োগ থেকে মুনাফা লভ্যাংশ হিসেবে বিতরণ না করতে বলা হয়েছে। এই অর্থ পরবর্তীকালে যেকোনো ক্ষতি সমন্বয়ের জন্য পৃথকভাবে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সমন্বয়ের পর উদ্বৃত্ত মুনাফা পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি ব্যবসায়িক সিদ্ধান্তের দিক থেকে ব্যাংকগুলো নিজেরাই নেবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাধ্যবাধকতা আরোপ যথাযথ নয়।