এবং প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগমন এবং নিষ্ক্রমণ—এই কাজ দুটো নিত্যই করতে হয় অভিনেতাদের। কী মঞ্চে, কী ক্যামেরার সামনে। নাট্যকারকেও যে এ ধরনের কাজ করতে হয় এবং এত নাটকীয়ভাবে, তা উপলব্ধি করিনি কোনো দিন। আজ হুমায়ূনের অকালপ্রয়াণে মনে হলো, যে মানুষটি নিজের জীবন নিয়ে নাটক করতে একেবারেই ভালোবাসতেন না, সে মানুষটি কী স্বচ্ছন্দে একেবারে নাটকীয়ভাবে জীবনকে প্রত্যাখ্যান করে পরপারে চলে গেলেন। কাল রাত থেকেই বিভিন্ন মাধ্যম নানা প্রশ্ন করছে আমাদের হুমায়ূনের ওপর। কেননা, আমাদের সৌভাগ্য হয়েছিল তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার, বিভিন্ন সময়ে। এই কাজ করতে গিয়ে হুমায়ূনকে নানাভাবে আবিষ্কার করেছি। তাঁর সঙ্গে বোধ করি আমার প্রথম কাজ বহুব্রীহি। এই সিরিয়ালটি প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল এবং আমি প্রায় ‘জাতীয় মামা’য় পরিণত হয়েছিলাম। যে যেখানে আমায় দেখত, ‘মামা’ বলে সম্বোধন করত। অনেক সময় অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি এবং সেসব যখন হুমায়ূনকে বলতাম অভিযোগের সুরে, তিনি স্বভাবসুলভভাবে হাসতেন। তাঁর হাসিটা উচ্চকিত ছিল না, আবার মুচকি হাসিও নয়। সব দন্ত বিকশিত করে নীরবে কেঁপে কেঁপে হাসা। এটিও হুমায়ূনের একধরনের নিজস্বতা ছিল।আমার বহুব্রীহির অভিজ্ঞতা বিচিত্র। সেখানে আমাকে নানা ধরনের যন্ত্রণা দিয়েছেন হুমায়ূন। মাঝেমধ্যে আমি তাঁকে বলতাম, ‘আপনি একটা স্যাডিস্ট’। তিনি এ কথা শুনে আবারও সেই দুলে দুলে হাসতেন। স্যাডিস্ট বলতাম এ কারণে যে আমার ক্ষেত্রে যা আমি অপছন্দ করতাম, সেই কাজগুলোই আমার চরিত্রের মাধ্যমে তিনি করিয়ে নেওয়ার প্রস্তাব করতেন। জানতেন যে আখেরে আমি ‘না’ করব না। তবু তিনি এভাবেই লিখতেন নাটকে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমি ঘোর ধূমপানবিরোধী একটি মানুষ। তিনি আমার সব কটি চরিত্রের হাতেই একটি করে সিগারেট ধরিয়ে দিয়েছেন। আমি যখন বলতাম এই কাজটি আমি করব না, তখন তিনি স্বভাবসুলভ হাসি দিয়ে মাথা দোলাতেন, কিন্তু জোর করতেন না আমার মতের বিরুদ্ধে কাজ করতে। ছোট ছোট বিষয় নিয়ে তিনি ভীষণ মজা করতে ভালোবাসতেন। যেমন, বহুব্রীহিতে মামা চরিত্রটি (অর্থাৎ আমি) একটি চলচ্চিত্র করার পরিকল্পনা করেন। এই ছবিটির নাম তিনি দিয়েছিলেন ‘হে মাছ’। এর কারণ ছিল যে তাঁর দুলাভাই মাছের অভাবে বড় বিচলিত ছিলেন এবং তাঁর দুলাভাইয়ের (আবুল হায়াত) এহেন মনোকষ্টের প্রতিবাদ হিসেবে এই ছবিতে শ্যালক, অর্থাৎ আমার চরিত্র নির্মাণ করার একটি উদ্যোগ নেন। এই ছবির প্রথম দৃশ্যটি গ্রহণ করা হবে একটি নদীবক্ষে, সেখানে আমি পরিচালক হিসেবে নৌকার ওপরে থাকব আর থাকবে আমাদের গৃহভৃত্য, যে চরিত্রটিতে রূপ দিয়েছিল আফজাল শরীফ। শুটিংয়ের লোকেশনে গিয়ে দেখি একটি ছোট কোষা নৌকা দাঁড়িয়ে আছে আফজাল শরীফকে নিয়ে এবং আমাকে সেই নৌকায় চড়তে হবে। আমি দেখেই বুঝতে পেরেছিলাম, এই কাজটি খুব সহজ হবে না। কেননা, নৌকাটি অতি ক্ষুদ্র এবং আমি একজন বিশালদেহী মানুষ। তবু হুমায়ূন বললেন, এতেই চড়তে হবে। আমি চড়লাম এবং যেমন আশঙ্কা করেছিলাম, সামান্য গভীর পানিতে যাওয়ার সঙ্গে সঙ্গে দুলুনির তোড়ে নৌকাটি উল্টে গেল এবং আমরা পানিতে পড়ে গেলাম। এ নিয়ে হুমায়ূনের সে কী হাসি! থামতেই চান না। এ ধরনের ছোটখাটো অনেক অভিজ্ঞতা তাঁর সঙ্গে হয়েছে আমার দীর্ঘ ৪০ বছর একসঙ্গে কাজ করার সময়ে। হুমায়ূন আহমেদের এই অকালপ্রয়াণে আমাদের অনেকেই জিজ্ঞেস করেছে যে তাঁর চলে যাওয়াটা কি অপূরণীয়? আমি মনে করি, কারও অভাবই কখনো পূরণ করা সম্ভব নয়। কেননা যে চলে যায়, সেই মানুষটির চিন্তা, চেতনা, দর্শন—এই সবকিছুই তাঁর নিজস্ব। দ্বিতীয় কোনো ব্যক্তির মধ্যে সেই সব খুঁজতে যাওয়া অমূলক। অনেক বড় লেখক বাংলাদেশে জন্মাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে, হুমায়ূন তাঁর নিজস্বতা নিয়ে, তাঁর অন্তর্দৃষ্টি নিয়ে, তাঁর সংবেদনশীলতা নিয়ে স্বতন্ত্র একজন স্রষ্টা হিসেবে আমাদের সাহিত্যের আকাশে এক বিশিষ্ট জ্যোতিষ্ক হিসেবে জ্বলজ্বল করবেন অনাদিকাল পর্যন্ত। জীবন-মঞ্চে অনবদ্য কথাসাহিত্যিক হিসেবে হুমায়ূনের যে সাড়াজাগানো আবির্ভাব, তাঁর সঙ্গে সাযুজ্য রেখেই তাঁর এক নাটকীয় প্রস্থান। জয়তু হুমায়ূন।