এবার অভিনয় করব ‘বৃহন্নলা’তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চাঁদ ফুল অমাবস্যা। লিখেছেন ফারিয়া হোসেন, পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করছেন সোহানা সাবা। কথা হলো তাঁর সঙ্গে।‘চাঁদ ফুল অমাবস্যা’ ধারাবাহিকে আপনার কাজের খবর বলুন।আমি এই ধারাবাহিকে গোড়া থেকে ছিলাম না। ১৭তম পর্ব থেকে দর্শক আমাকে পেয়েছে। গল্পে মাহফুজ আহমেদের সঙ্গে একসময় আমার সম্পর্ক ছিল। কিন্তু তাঁর মায়ের বাধার কারণে আমাদের বিয়ে হয়নি। পরে কল্যাণের সঙ্গে আমার বিয়ে হয়। কিন্তু আমাদের যোগাযোগটা ঠিকই আছে। আমি চাই না, মাহফুজ আহমেদ আমাদের মাঝে আসুক, কিন্তু আসার পর ওই সময়টা বেশ উপভোগ করি।নাটকটিতে কাজ করতে কেমন লাগছে?আমাদের বেশির ভাগ দৃশ্যের কাজ হয় ঢাকা শহরের বিভিন্ন রেস্তোরাঁয়। আর যেদিন রেস্তোরাঁর দৃশ্যের শুটিং থাকে, সেদিন আমরা অনেক আনন্দ করি। সেখানে গিয়েই নানা ধরনের খাবারের অর্ডার দিয়ে দিই। পরিচালককে ‘সিল’ দেওয়ার একটা ভালো সুযোগ পেয়ে যাই।‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকের শুটিং আবার কবে হবে?এখনই করছি। সোমবার আমরা মানিকগঞ্জে এসেছি। এবার ১৫৪ থেকে ১৭৩তম পর্ব পর্যন্ত শুটিং হবে। এখানে কিন্তু তীব্র শীত। এর মধ্যেই দুই ক্যামেরায় কাজ হচ্ছে। একটি ক্যামেরায় নির্দেশনা দিচ্ছেন আফসানা মিমি, আর অন্যটিতে রাকেশ বসু। সকাল থেকে সেটে ভাপা পিঠা আর পুলি পিঠা বানানো হচ্ছে। শুটিংয়ের ফাঁকে আমরা সবাই এসে পিঠা খেতে চুলার চারদিকে ভিড় করছি। এক অন্য রকম পরিবেশ এখানে।নতুন ছবিতে কবে অভিনয় করবেন?আমার স্বামী মুরাদ পারভেজ বৃহন্নলা ছবির জন্য গত বছর তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছেন। এ ছবিতে আমি অভিনয় করব। এদিকে, ছবির বাকি অর্থের জন্য বিভিন্ন প্রযোজকের সঙ্গে আলোচনা করছেন পরিচালক। অনেক কিছুই চূড়ান্ত হয়ে গেছে। আশা করছি, ফেব্রুয়ারি-মার্চ নাগাদ ছবির কাজ শুরু হবে।