জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সংসদ অধিবেশনে সংসদ সদস্যরা যেসব অশালীন ভাষায় বক্তব্য দেন, তা আইন করে বন্ধ করা যাবে না। এ জন্য সাংসদদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।গতকাল শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কমনওয়েলথ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আর কোনো সংসদ সদস্য যদি অশালীন বক্তব্য দেন, তাহলে আমি তাঁকে অধিবেশন থেকে বের করে দিতে পারি বা মাইক বন্ধ করে দিতে পারি। আশা করি, তা করার প্রয়োজন হবে না।’দৃষ্টান্ত দিয়ে স্পিকার বলেন, আইন তো আছে খুন করলে ৩০২ ধারায় অপরাধ এবং এর শাস্তি মৃত্যুদণ্ড। এর পরও মানুষ খুন করে। ডাকাতি করলে বা চুরি করলেও আইনে শাস্তির বিধান আছে। এর পরও তো সেগুলো হচ্ছে। তাই আইনের বিধানের পাশাপাশি মনমানসিকতার পরিবর্তনেরও প্রয়োজন আছে। আবদুল হামিদ আরও বলেন, ‘সাংসদেরা ইচ্ছা করলে তো আমাকে সংসদ থেকে আউট করে দিতে পারেন। সে ভয় যদি আমার থাকত, তাহলে কি আমি এ ব্যবস্থা নিতাম? এর ভয় আমি করি না। আই অ্যাম রেডি টু গো। দ্যাট, ডেপুটি স্পিকার উইল কাম। বাট দ্যা হাউস উইল রান।’তবে কি সংসদ এভাবে চলবে?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘গত বুধবার উভয় পক্ষ তেড়ে এলে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু পরে সরকার ও বিরোধী দলের সদস্যরা ওয়াদা করেছেন ভবিষ্যতে এ ধরনের আচরণ করবেন না। সে কারণে আমি বলতে পারি, চলতি অধিবেশন ভালোভাবে চলবে। আমার বিশ্বাস, সংসদ সদস্যরা ভালো আচরণ করবেন।’স্পিকার বলেন, বিচারাধীন কোনো বিষয় বাইরে না বলা ভালো। তবে সংসদে বলার ব্যাপারে কোনো বাধা নেই।