এবার অ্যাসাঞ্জের আসল বুদ্ধির পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলীয় হ্যাকার জুলিয়ান অ্যাসাঞ্জ এর আগে নানা ধরনের বুদ্ধির কারিগরি দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র চুরি করে হাটে হাঁড়ি ভেঙেছেন। লোকে দেখেছে, তালিও দিয়েছে। কিন্তু এবার অ্যাসাঞ্জ অন্য রকম এক পরীক্ষার সম্মুখীন। এতে পাস করাটা অ্যাসাঞ্জের জন্য এক চ্যালেঞ্জ।জুলিয়ান অ্যাসাঞ্জ গত মঙ্গলবার ব্রিটিশ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েছেন লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে। জীবন বাঁচানোর আবেদন জানিয়েছেন ইকুয়েডর সরকারের কাছে। অ্যাসাঞ্জের বক্তব্য, যদি ব্রিটিশ সরকার তাঁকে সুইডেনে পাঠিয়ে দেয়, তবে সুইডেন সরকার তাঁকে তুলে দেবে যুক্তরাষ্ট্রের হাতে। এরপর যুক্তরাষ্ট্র তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে রাগের ঝাল মেটাবে। এ জন্য তিনি ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।অ্যাসাঞ্জের আশঙ্কা সত্যি হোক বা মিথ্যা, ব্রিটিশ সরকারের হাত থেকে বাঁচতে হলে তাঁকে অবশ্যই ইকুয়েডরে আশ্রয় নিতে হবে। এ জন্য বিমানে করে যেতে হবে ইকুয়েডরের রাজধানী কুইটো পর্যন্ত। অ্যাসাঞ্জ ব্রিটিশ মাটি না মাড়িয়ে কীভাবে দূতাবাস থেকে বিমানবন্দর পর্যন্ত যাবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই পরীক্ষায় পাস করাই অ্যাসাঞ্জের জন্য আপাতত যথেষ্ট বলে মনে করছেন বিশ্লেষকেরা।৪০ বছর বয়সী অ্যাসাঞ্জ এখন যৌন নিপীড়নের দুটি মামলার আসামি। বিচার চলছে সুইডেনে। জামিন নিয়ে অবস্থান করছিলেন লন্ডনে। ব্রিটিশ পুলিশের শর্ত ছিল, তিনি দেশত্যাগ করতে পারবেন না। কিন্তু তিনি ইকুয়েডর দূতাবাসে ঢুকে দেশটির কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে শর্ত ভঙ্গ করেছেন। এতে ভীষণ খেপেছে পুলিশ। দূতাবাসটির সব প্রবেশপথে পাহারা বসিয়েছেন স্কটল্যান্ড ইয়ার্ডের সদস্যরা।লন্ডনের কাছে নাইটব্রিজের একটি ফ্ল্যাটে স্থাপিত দূতাবাসটিতে ‘রাষ্ট্রীয় গোপনীয়তা-বিরোধী প্রচারকর্মী’ অ্যাসাঞ্জ যত দিন অবস্থান করবেন, তত দিন পুলিশ তাঁর টিকিটিও ছুঁতে পারবে না।ব্যারিস্টার কার্ল গার্ডনার এই দ্বিধান্বিত অবস্থাকে এক কথায় বলেছেন, ‘মাথাব্যথা’। ইকুয়েডরের আশ্রয় পেলে অ্যাসাঞ্জ এত সহজে চলে যেতে পারবেন বলে মনে করছেন না গার্ডনার। তিনি বলেন, ‘তাঁর ইকুয়েডরে যাওয়ার পরিকল্পনা এখনো অজানা।’লন্ডনের ইনডিপেনডেন্ট ডিপ্লোম্যাট কনসালটেন্সির পরিচালক পল হোয়াইটওয়ে বলেন, দূতাবাস থেকে বের হয়ে যাওয়ার আগেও অ্যাসাঞ্জকে আটক করা যেতে পারে। তিনি বলেন, ভিয়েনা সমঝোতা অনুযায়ী যেকোনো দূতাবাস ও তাঁর উঠোন কূটনীতিক নিরাপত্তার অধীনে থাকবার কথা। এই সীমার ভেতরে কাউকে গ্রেপ্তার করা যায় না। কিন্তু এ ক্ষেত্রে, সুবিধা হলো ইকুয়েডর দূতাবাস ওই বিল্ডিংয়ের পুরোটা নয় বরং একটা ছোট অংশজুড়ে আছে। অ্যাসাঞ্জের গ্রেপ্তার এড়াতে দূতাবাসটিকে তার সীমানা রাস্তা পর্যন্ত প্রসারিত করতে হবে। তা না হলে বিল্ডিং থেকে নামার পথেই গ্রেপ্তার করা যাবে অ্যাসাঞ্জকে।কিন্তু, এর পরও অ্যাসাঞ্জ যদি কোনো বুদ্ধি খাটিয়ে গাড়িতে উঠে পড়েন? যদি তিনি ইকুয়েডরের বিমানে উঠে পড়েন, তাহলে? এ নিয়ে জল্পনা-কল্পনা ক্রমেই জমে উঠছে। আবার এটাও ধারণা করা হচ্ছে, ইকুয়েডর দূতাবাসের লোকেরা তাঁকে ‘কূটনৈতিক ব্যাগে’ ভরেও দেশে পাঠিয়ে দিতে পারেন। সাধারণত, এ ধরনের ব্যাগ অনুসন্ধান করা হয় না।১৯৮৪ সালে নাইজেরিয়া সরকার তাদের সাবেক মন্ত্রী উমারু ডিক্কোকে অপহরণ করে এমন একটি ব্যাগে ভরে নাইজেরিয়া পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু বিমানবন্দরের কর্মকর্তাদের জন্য তা সম্ভব হয়নি। গার্ডনার অবশ্য এ ধরনের ’গোয়েন্দা কাহিনি’র সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, অ্যাসাঞ্জ হয়তো নিজেই বিশেষ কোনো উপায় খুঁজে বের করবেন। তিনি বলেন, ‘শুনতে প্রলাপ মনে হলেও অ্যাসাঞ্জকে ইকুয়েডরে পাঠানোর সবচেয়ে ভালো উপায় হলো তাঁকে ইকুয়েডর সরকারের জাতিসংঘ প্রতিনিধি বানিয়ে দেওয়া।’গার্ডনারের বিশ্বাস, যদি অ্যাসাঞ্জকে জাতিসংঘের প্রতিনিধি বানিয়ে দেওয়া হয়, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি নিরাপদে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যাওয়ার সুযোগ পাবেন এবং চাইলে সেখান থেকে ইকুয়েডরেও যেতে পারবেন। তাঁর মতে, ‘এসবের জন্য চাই দারুণ আইনি দক্ষতা।’ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া জানিয়েছেন, তিনি অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।অ্যাসাঞ্জ রাফায়েলের কাছে এক আবেদনপত্র পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্র যে তাঁকে হত্যার চেষ্টা করছে, এমন নথিও তিনি তাতে যুক্ত করেছেন।রাফায়েল বলেছেন, অ্যাসাঞ্জের দাবির স্বপক্ষে পাঠানো নথিও তিনি ভালোভাবে পড়ে দেখছেন। তিনি বলেন, ইকুয়েডর কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। নিজেই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘আমরা কারও সঙ্গে বিরোধে জড়াতে চাই না। তাও এমন একটি দেশের সঙ্গে যাদের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা আছে।’পল হোয়াইটওয়ে বিশ্বাস করেন, ব্রিটিশ কর্তৃপক্ষ এটা কখনো হতে দেবে না। কারণ এতে অনেক অপরাধী উত্সাহিত হতে পারে।বিশ্লেষকেরা বলেন, অবস্থা খুব বেগতিক হলে অনেক সময় আশ্রয়প্রার্থীরা দীর্ঘদিন দূতাবাসেই থেকে যান। ১৯৫৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার বুদাপেস্ট দূতাবাসে হাঙ্গেরির কার্ডিনাল জোসেফ মাইন্ডজেন্টিকে আশ্রয় দিয়েছিল। তিনি সেখানে ১৯৭১ সাল পর্যন্ত ছিলেন। ডন ডট কম অবলম্বনে।