প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ২ মের হরতাল স্থগিত করেছেন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের শেষ সুযোগ গ্রহণ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ আহ্বান জানান।খালেদা জিয়া বলেন, ‘আমরা যেভাবে জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছি, আশা করি জাতির বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রীও সেভাবেই আমাদের আহ্বানে সাড়া দেবেন। ক্ষমতায় থেকে কারচুপির নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরে আসার লালসা পরিত্যাগ করে প্রধানমন্ত্রী অনতিবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ খুলে দেবেন।’প্রধানমন্ত্রী নির্দলীয়-নিরপেক্ষ সরকারের গঠনপ্রক্রিয়া নিয়ে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন খালেদা জিয়া। তিনি আলোচনার পরিবেশ সৃষ্টির জন্য বিরোধী দলের আটক নেতা-কর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার-নির্যাতন বন্ধ, সভা-সমাবেশ-মিছিলসহ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের এসব প্রত্যাশা জাতীয় আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ। এসব প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী যদি পদক্ষেপ না নেন, তাহলে হরতালের যে কর্মসূচি আমরা স্থগিত করলাম, তা আবার ঘোষণা করা হবে। কঠিন-কঠোর আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।’বিবৃতিতে সাভারের ঘটনায় ২ মে হরতাল ডাকার যৌক্তিকতা ও কারণ তুলে ধরা হয়। বিএনপির চেয়ারপারসন বলেন, সাভারের অভিশপ্ত রানা প্লাজায় ফাটল ধরার পরও জোর করে পোশাক কারখানায় হাজার হাজার কর্মীকে ঢুকিয়ে দিয়ে মর্মান্তিক হত্যাযজ্ঞের ঘৃণ্য অপরাধী সোহেল রানা, তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক গডফাদারদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি এবং আহতদের চিকিৎসার ক্ষেত্রে সরকারের ঔদাসিন্য, সমন্বয়হীনতা ও ব্যর্থতার প্রতিবাদ জানাতে হরতাল ডাকা হয়েছিল।খালেদা জিয়া সাভারে উদ্ধারকাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং ব্রিগেডসহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় সরঞ্জাম ও পূর্ণ ক্ষমতা দিয়ে নিয়োজিত করলে প্রাণহানির সংখ্যা আরও কমানো সম্ভব হতো। দুর্ভাগ্যজনকভাবে তা না করে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাকে দিয়ে প্রধানমন্ত্রী ও সরকারি দলের প্রশস্তি করানোর দিকেই সরকারের বেশি আগ্রহ লক্ষ করা গেছে।বিবৃতিতে বলা হয়, উদ্ধার তৎপরতায় সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ এবং টর্চলাইট, অক্সিজেন, পানি, স্যালাইন, কাটারসহ প্রয়োজনীয় সরঞ্জামের জন্য জনগণের কাছে ক্রমাগত আবেদন প্রমাণ করেছে যে সরকার এই সামান্য জিনিসগুলোও জোগান দিতে ব্যর্থ হয়েছে। বেসরকারি মালিকানাধীন এনাম হাসপাতাল আহতদের জন্য যতটুকু চিকিৎসার ব্যবস্থা করেছে, সরকারি হাসপাতালগুলোতে সে ধরনের কিছু করার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এত অযোগ্যতা সত্ত্বেও সরকার উদ্ধারকাজে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সংস্থাগুলোর সহায়তার প্রস্তাব কেন প্রত্যাখ্যান করল, তা-ও দেশবাসীর কাছে বোধগম্য নয়।তবে সাভারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আবার হরতাল ডাকা হবে বলে বিবৃতিতে বলা হয়।হরতাল স্থগিতের ঘোষণা দিয়ে বিএনপির চেয়ারপারসন এ-ও বলেন, ‘জ্বালাও-পোড়াও, বন্দর অচল, হত্যা, ভাঙচুর, গণকারফিউ জারি, অফিসগামী নাগরিকদের দিগম্বর করা, সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে মলমূত্র নিক্ষেপ, গানপাউডার দিয়ে চলন্ত বাসে আগুন লাগিয়ে যাত্রীদের পৈশাচিক হত্যার মাধ্যমে ১৭৩ দিন হরতাল পালন করার সময় কোথায় ছিল তাঁর (শেখ হাসিনা) মানবতা? বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবস, যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, গুরুত্বপূর্ণ বিদেশি মেহমানদের উপস্থিতি, পাবলিক পরীক্ষা, জাতীয় দুর্যোগ কোনো কিছুই সেদিন আজকের প্রধানমন্ত্রীকে হরতাল পালন থেকে বিরত করতে পারেনি।’ তিনি দাবি করেন, সাভারের ঘটনায় জাতীয় শোক দিবস ঘোষণা করেও সরকার নিজেরা তা পালন করেনি। সংসদ অধিবেশন স্থগিত করা হয়নি। প্রধানমন্ত্রী তাঁর রাষ্ট্রীয় স্বাভাবিক কর্মকাণ্ড বহাল রেখে ট্রেন উদ্বোধন করেছেন। ঘটনার দিন রাষ্ট্রপতির শপথ গ্রহণের অনুষ্ঠান অব্যাহত রাখা হয়। জাতীয় এই শোকের আবহের মধ্যে প্রধানমন্ত্রী দলীয় কর্মিসভা করে সেখানে আপত্তিকর ভাষায় বিরোধী দলকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন।বিবৃতিতে বিরোধীদলীয় নেতা আমার দেশ পত্রিকা খুলে দেওয়া, ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার আটক সাংবাদিক-কর্মচারীকে মুক্তি, মামলা প্রত্যাহার, নির্বিচারে হত্যা, গুম, অপহরণ বন্ধ করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।