আরটিভিতে আজ রাতে বিউটি পার্লার নাটকটি দেখানো হবে। এই ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন নোমান রবিন। নাটকে অভিনয় করছেন রাশেদ মামুন। কথা হলো তাঁর সঙ্গে।টিভি নাটকে কবে থেকে যুক্ত হলেন?খুব বেশি দিন নয়। আমি রাজশাহীর ছেলে। ওখানেই ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেছি। স্নাতকোত্তর করার পর ঢাকায় চলে আসি। রাজশাহীতে থিয়েটারচর্চার সঙ্গে যুক্ত ছিলাম। ঢাকায় এসে একটি বিজ্ঞাপনী সংস্থায় কপি রাইটার হিসেবে যোগ দিই। এরপর গিয়াসউদ্দিন সেলিমের সহকারী ছিলাম। একটি বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি করেছি। এরই ফাঁকে নিজে তিনটি নাটক পরিচালনা করেছি—তিথির সমীপে, একটি অসম্পূর্ণ গল্প ওঈশ্বর গল্প। সবাই আমাকে অভিনয়শিল্পী হিসেবে জানতে পারে নোমান রবিনের সিটি বাস নাটকের মধ্য দিয়ে।আপনি নাটকে রাজশাহীর আঞ্চলিক ভাষা বেশি ব্যবহার করেন। কেন?ঠিকই বলেছেন। তবে সব নাটকে নয়, যেখানে প্রয়োজন, সেখানেই। যত দূর জানি, আমার আগে আবদুল আজিজ ও রহমত আলী এই ভাষাটা ব্যবহার করেছেন। এ ছাড়া গম্ভীরা গানও দেখানো হয়। আমিও চেষ্টা করছি। পুরোটাই করছি একটু ভিন্নতা আনতে আর নিজস্বতা তৈরির জন্য।আর আইন পেশার কী হবে?পাস করার পর মাস তিনেক আদালতপাড়ায় গিয়েছি। কিন্তু একসময় বুঝতে পারলাম, ওটা আমার কাজ নয়। তাই ওই পথে আর পা বাড়াইনি। এখন পুরোপুরি নাটক নিয়েই আছি। তবে পরিচালনা নয়, অভিনয়ই করছি।আপনি তো দেখছি, ‘বিউটি পার্লার’ নাটকে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন।হ্যাঁ, আমি কিন্তু ছোটবেলায় গান শিখেছি। মা-বাবা দুজনই গান করেন। বিউটি পার্লার নাটকের পাশাপাশি গত ঈদে পাঙ্খা নাটকেও গান করেছি। আর কোরবানির ঈদে আমার গাওয়া গান নিয়ে একটি অডিও অ্যালবাম বের হবে। নাম দিয়েছি সুন্দর আলী। প্রকাশ করবে সংগীতা।আর কিছু করছেন?নাটক করছি। কদিন আগে মুরাদ পারভেজের রেস্টুরেন্ট টুয়েন্টি ওয়ান ধারাবাহিকের ১৩ পর্বের কাজ করেছি। ঈদের কয়েকটি কাজ করছি। এ ছাড়া নোমান রবিন দুটি ডিজিটাল ছবি তৈরির প্রস্তুতি নিয়েছেন। আগামী জানুয়ারি মাসে ব্ল্যাক ম্যাজিশিয়ান ছবির কাজ শুরু হবে। ওটাতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করব।