এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক রূপকথা। নাটকটির নাম-ভূমিকায় অভিনয় করেন নওশাবা। আজ থেকে এই চরিত্রে অভিনয় করবেন ঈশিতা। আজ বদলে যাচ্ছে নাটকের গল্প। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। কথা হলো ঈশিতার সঙ্গে।‘রূপকথা’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে বলুন।এখানে আমার চরিত্রের নাম রূপকথা। প্রতিবাদী একজন নারী। এত দিন দর্শক রূপকথাকে দেখেছে থিয়েটারের জন্য সংগ্রাম করতে। এখন রূপকথা গ্রাম থেকে শহরে এসেছে। টিভি নাটকের নায়িকা হওয়ার চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই সফল হতে পারছে না। নানা প্রতিকূলতার মুখোমুখি হয় সে। এখন পর্যন্ত এতটুকুই শুটিং করেছি। নাটকটিতে অভিনয় করতে আগ্রহী হলেন কেন?নাটকের চিত্রনাট্য পড়ে ভালো লেগে যায়। শক্তিশালী একটি গল্প। তা ছাড়া অরণ্য আনোয়ারের সঙ্গে এর আগেও আমার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি এ পর্যন্ত যে কটি ধারাবাহিক নাটক তৈরি করেছেন, তার মধ্যে দুটি ছাড়া সব কটিতেই অভিনয় করেছি। তিনি খুব গুছিয়ে কাজ করেন। আমরাও কাজ করে আনন্দ পাই।আপনি তো ‘চাঁদ ফুল অমাবস্যা’ নাটকেও অভিনয় করছেন? আজ এটিএন বাংলায় দেখানো হবে ধারাবাহিকটি।পারিবারিক সমস্যা নিয়ে নাটকটির গল্প। এখানে আমি ও মাহফুজ আহমেদ ভাইবোন। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। বিয়ের ব্যাপারটি মেনে নিলেও নতুন মাকে কোনোভাবেই মানতে পারি না। একসময় হিল্লোলের সঙ্গে আমার বিয়ে হয়। কিন্তু সেই বিয়েও খুব একটা সুখের হয় না। এভাবেই নানা সমস্যার মধ্য দিয়ে নাটকে আমার চরিত্রটি এগিয়ে যায়।কোরবানির ঈদের জন্য নাটক পরিচালনা করার ব্যাপারে কিছু ভেবেছেন?ইচ্ছা আছে। চ্যানেল আইয়ের জন্য করব। কিন্তু আমার বাবা-মাকে নিয়ে ব্যাংকক যাওয়ার কথা আছে। যদি যেতে হয়, তাহলে এবার ঈদে হয়তো নাটক পরিচালনা করা হবে না। তবে ঈদের একটি নাটকে অভিনয় করব। এটি বানাবেন তুহিন অবন্ত। নাচের অনুষ্ঠান করার কথা রয়েছে। কাল শুক্রবার নাচের অনুষ্ঠানটির রেকর্ডিং হবে।