এবার আর লম্বা বিরতি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের মানুষ ছবির চিত্রনাট্য এবার বই আকারে বাজারে এসেছে। গতকাল বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনাট্যকার গৌতম ঘোষ। বইটির মোড়ক খোলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বইটির সম্পাদক আবুল আহসান চৌধুরী, প্রযোজক হাবিব খান ও সংস্কৃতিব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকী। বইয়ের মোড়ক উন্মোচন শেষে কথা হলো গৌতম ঘোষের সঙ্গে।আপনার আর কোনো ছবির চিত্রনাট্য বই আকারে বেরিয়েছে?একটি ম্যাগাজিন আমার কয়েকটি ছবির চিত্রনাট্য প্রকাশ করেছিল। আমিও চাইছিলাম চিত্রনাট্যগুলো বই আকারে প্রকাশিত হোক। চিত্রনাট্য পাঠ করেও অনেক কিছু জানা যায়। মনের মানুষ-এর চিত্রনাট্য দিল্লি থেকে বের হবে। ভালো লাগছে, তার আগেই বাংলায় বাংলাদেশ থেকে বইটি বের করা সম্ভব হলো।‘মনের মানুষ’ চলচ্চিত্রে যা দেখেছি, এ বইয়ে তা থেকে বাড়তি কিছু পাওয়া যাবে?হ্যাঁ। প্রথমত এ বইয়ে কয়েকটি লেখা পাওয়া যাবে। লালন গবেষক আবুল আহসান চৌধুরী একটি ভূমিকা লিখেছেন। আমার নিজেরও কিছু কথা আছে। সিনেমা তৈরির আগে চিত্রনাট্যটা কেমন হয়, তার একটা ধারণা পাওয়া যাবে।‘পদ্মা নদীর মাঝি’র পর লম্বা বিরতি দিয়ে নির্মাণ করেছেন ‘মনের মানুষ’। পরেরটির জন্যও লম্বা বিরতি নেবেন?এখন আমার যে বয়স, তাতে করে বলতে পারি, আমি লাস্ট ইনিংসের ব্যাট করছি। ফলে এবার আর বেশি সময় বিরতি দিলে চলবে না। নতুন ছবির ব্যাপারে আলোচনা চলছে। কয়েকটি বিষয় নিয়ে ভাবছি। বাচ্চাদের বিষয়ও রয়েছে। শিগগির সবকিছু চূড়ান্ত করব।৩৮ বছর পর এ দেশে ভারতীয় চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আরও ছবি আসার কথা শুনতে পাচ্ছি। বিষয়টিকে আপনি কীভাবে দেখেছেন?আমার প্রশ্ন, ভারতের ছবি যদি এখানে আসে, তাহলে বাংলাদেশের ছবি কি ওপার বাংলায় যাচ্ছে? যদি সেটা না হয়ে থাকে, তবে বলব সরকারিভাবে এখনই এর উদ্যোগ নিতে হবে। দুই দেশের সরকারি কর্মকর্তাদের বসতে হবে। দুটো জায়গার মানুষের ভাষা এক। যদি কলকাতার ছবি এখানে আসে আর বাংলাদেশের ছবি ওখানে যায়, তাহলে বাজারটা কত বড় হতে পারে—তা কেউ ভেবে দেখেছেন?