এবার আরব বিশ্বের তোপের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। সরকারবিরোধীদের ওপর দমন অভিযানের প্রতিবাদে গতকাল সোমবার সৌদি আরবের পর কুয়েত ও বাহরাইন সে দেশ থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।এর পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু সিরিয়া সংকট নিয়ে আলোচনা করতে দামেস্কে যাচ্ছেন বলে বিবিসি অনলাইনে জানানো হয়েছে। তিনি সেখানে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন অভিযান বন্ধের দাবি জানাবেন।জেরুজালেম পোস্ট জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল সোমবার তাঁর প্রতিরক্ষামন্ত্রী আলী হাবিবকে বরখাস্ত করেছেন। নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সেনাপ্রধান জেনারেল দাউদ রাঝাকে। আলী হাবিব ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকাভুক্ত ব্যক্তি। গতকাল আল-আরাবিয়া টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে সৌদি বাদশা আবদুল্লাহ বলেন, ‘সৌদি আরব সিরিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার ঘোষণা দিচ্ছে।’ গত রোববার সিরিয়াজুড়ে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর দমন অভিযান চালিয়ে ৫২ জনকে হত্যার পর সৌদি আরব তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। এ পদক্ষেপের পরও গতকাল দেশটিতে সরকারবিরোধীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত ছিল। এ দিন সেনারা দেইর আল-জর শহরে দ্বিতীয় দিনের মতো অভিযান চালায়।মানবাধিকার কর্মীরা দাবি করছে, গত মার্চ মাস থেকে শুরু হওয়া বাশার আল আসাদবিরোধী বিক্ষোভে অন্তত এক হাজার ৭০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে শুধু গত সপ্তাহে নিহত হয় তিন শতাধিক। আর গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১০ হাজার ব্যক্তিকে।