এবার আসিফের ‘এক্স প্রেম’
১৬ মার্চ ২০১০। অনেকটা হঠাৎ করেই আর গান না করার ঘোষণা দেন আসিফ আকবর। এরপর অবশ্য তিনি নিজের সিদ্ধান্ত পাল্টেছেন। গান করেছেন টিভিতে, স্টুডিও থেকে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে। বলেছেন, ভক্তদের অনুরোধে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছেন। আসিফ এখন নিজের নতুন অ্যালবামের কাজ করছেন। নাম দিয়েছেন এক্স প্রেম। আর এ গানের সুর করছেন আইয়ুব বাচ্চু।আসিফ বলেন, ‘হ্যাপি আখন্দের একটি অপ্রকাশিত গান পেয়েছি তাঁর বন্ধু মিনহাজ আহমেদের কাছ থেকে। শেখ ইশতিয়াকের সুর করা আরেকটি অপ্রকাশিত গান সংগ্রহ করেছি তাঁর পরিবারের কাছ থেকে। তাঁরা দুজনই একসময় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ছিলেন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গান দুটি নতুন অ্যালবামে গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’আসিফের এই অ্যালবামে থাকছে লাকী আখান্দ্, নকিব খান, এস আই টুটুল, মনোয়ার হোসেন, বাপ্পা মজুমদার, ইবরার টিপু, প্রীতম আহমেদ, আরফিন রুমী ও রাজীবের সুর করা গান। আসিফ জানান, তাঁর এই অ্যালবাম বাজারে আসবে মিউজিক ইন্ডাস্ট্রি বাংলাদেশ (এমআইবি) সংগঠন থেকে। এই অ্যালবাম বিক্রি থেকে যে আয় হবে, তার একটি বড় অংশ ব্যয় করা হবে পাইরেসির বিরুদ্ধে আন্দোলনে। আসিফের ২৯তম অ্যালবাম এক্স প্রেম বাজারে আসবে রোজার ঈদে।