এবার ইভিএম চেয়ে বিএনপির চিঠি, রাজি নয় ইসি
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে আসছে বিএনপি। তবে এখন তারা যন্ত্রটি পরীক্ষা করে দেখতে চাইছে। আজ পরীক্ষা করে দেখার জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে একটি ইভিএম চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। তবে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ইভিএম বাইরে পাঠানো যাবে না। পরীক্ষা করে দেখতে চাইলে বিশেষজ্ঞ দল নিয়ে বিএনপিকে নির্বাচন কমিশন কার্যালয়ে আসতে হবে।আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি ইভিএম যন্ত্র সরবরাহের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ চিঠি দেয় বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি কমিশনের সচিব মোহাম্মদ সাদিকের কাছে জমা দেন দলটির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ। চিঠিতে বলা হয়েছে, ‘ইসি পর্যায়ক্রমে সব নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ায় এর আগে এ বিষয়ে বিএনপির আপত্তি অবহিত করা হয়েছিল। ইভিএম এমন একটি যন্ত্র, যার ত্রুটি নিয়ে বহির্বিশ্বে ব্যাপক সমালোচনা রয়েছে। সুতরাং এ যন্ত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় থাকায় নির্বাচনে এ যন্ত্রের ব্যবহার বিএনপি গ্রহণযোগ্য মনে করে না। তা সত্ত্বেও দলের বিশেষজ্ঞদের দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে একটি ইভিএম যন্ত্র বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সরবরাহ করার জন্য দলের হয়ে অনুরোধ করছি।’এ বিষয়ে পরে কমিশনার ছহুল হোসাইন জানান, ইভিএম বিএনপির দপ্তরে পাঠানো সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি চাইলে তাদের কারিগরি প্রতিনিধি নিয়ে ইসিতে এসে ইভিএম পরীক্ষা করতে পারে। ইভিএম ব্যবহারে বিএনপির আপত্তির বিষয়টি সমাধানে তাদের কারিগরি প্রতিনিধির সঙ্গে আলোচনার জন্য ইসির বিশেষজ্ঞ প্যানেলে প্রস্তুত রয়েছে।