এবার ইয়েমেনে দূতাবাসে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে বিদ্রূপ করা হয়েছে—এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। কয়েক হাজার বিক্ষোভকারী স্লোগান দিতে দিতে দূতাবাসের ভেতরে ঢুকে পড়ে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে কাঁদানে গ্যাস, জলকামান ও গুলি ছুড়ে বিক্ষোভকারীদের সেখান থেকে তাড়িয়ে দেয় পুলিশ। এ ঘটনায় কয়েকজন আহত হয়। তবে দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, এতে তাঁদের কেউ হতাহত হননি। সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।একই অভিযোগে গত মঙ্গলবার লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন কনস্যুলেটে হামলায় রাষ্ট্রদূতসহ চার মার্কিন নাগরিক নিহত হন। পরদিন বুধবার মিসরে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। এ ছাড়া তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের বাইরেও বিক্ষোভ হয়েছে।