এবার ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়া ও আলবেনিয়ার পর এবার সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে ইয়েমেনে। গতকাল শনিবার হাজার হাজার ইয়েমেনি ছাত্র, সমাজকর্মী ও বিরোধীদলীয় সমর্থকেরা সানা বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে।আলী আবদুল্লাহ সালেহর দীর্ঘদিনের অপশাসন, দুর্নীতি, ব্যর্থতা এবং আজীবন সরকার প্রধানের পদ ধরে রাখার পরিকল্পনার বিরুদ্ধে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলছেন, আজীবন ক্ষমতা ধরে রাখতে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সংবিধান সংশোধনের পরিকল্পনা করছেন।প্রায় আড়াই হাজার শিক্ষার্থী, সমাজকর্মী এবং বিরোধী দলের সমর্থকেরা এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগ দাবি করে নানা স্লোগান দেয়। বিক্ষোভকারীরা সালেহকে তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর সঙ্গে তুলনা করে বলে, ‘ওহে আলী, তুমি তোমার বন্ধু বেন আলীর সঙ্গে যোগ দাও।’পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে এবং প্রায় ৩০ জনকে আটক করে। এ ছাড়া দেশটির দক্ষিণের বন্দরনগরী এডনেও বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। সেখানে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে তীব্র জনরোষে তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেল আলী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এ ঘটনার পর পরই ইয়ামেনের প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহের টনক নড়ে। ইয়ামেনেও সরকারবিরোধী বিক্ষোভ দানা বাঁধতে পারে—এই শঙ্কায় তিনি আগেভাগেই সতর্ক হন। জনগণের কর অর্ধেকে নামিয়ে আনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার নির্দেশ দেন। এ ছাড়া স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ স্থানে ব্যাপক নিরাপত্তা বাহিনী নিয়োজিত রাখেন। ইয়ামেনের অর্ধেকের মতো জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে বাস করে। তাদের দৈনিক আয় দুই ডলারেরও নিচে। অধিকাংশ ইয়েমেন জনগণ স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন থেকে বঞ্চিত। সংঘাতে ও বন্যার কারণে হাজার হাজার লোক হয়েছেন বাস্তুচ্যুত। দেশটির অবকাঠামো ব্যবস্থাও বেশ নাজুক। জনগণের উন্নয়নের কথা ভুলে সরকার ডুবে আছে আকণ্ঠ দুর্নীতিতে। রাজধানীর বাইরে সরকারের নিয়ন্ত্রণ খুব কমই আছে। তা ছাড়া দেশটির আয়ের প্রধান উত্স তেল সম্পদও দ্রুত ফুরিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, সব মিলিয়ে জনগণের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। তিউনিসিয়ার ঘটনা ইয়েমেনে ক্ষোভের আগুন জ্বালিয়েছে মাত্র। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ আলী গত ৩২ বছর ধরে ইয়েমেনের রাষ্ট্রক্ষমতা দখল করে আছেন। আল জাজিরা, গলফ নিউজ।