এবার ঈদে লম্বা কামিজ
শহুরে যান্ত্রিকতায় তরুণীসহ প্রায় সব বয়সের নারীর কাছে শাড়ি পরাটা একটা ঝামেলার বিষয়। পোশাকশিল্পের শ্রমিক থেকে শুরু করে কর্মজীবী নারীদের কাছে সালোয়ার-কামিজ হচ্ছে স্বাচ্ছন্দ্যের পোশাক। তাই ঈদেও সালোয়ার-কামিজের চাহিদা প্রচুর। শাড়ির কদর থাকলেও তা অনেকটাই যেন বাড়তি পাওনা। ফ্যাশন হাউসগুলোতে চাঁদরাত পর্যন্ত ঈদের নতুন পোশাক আসতেই থাকে। তাই শেষ মুহূর্তে যদি সবচেয়ে ভালো পোশাকটি আসে, সে আশায় অনেকেই নজর রাখেন ফ্যাশন হাউসগুলোতে। গতকাল বৃহস্পতিবার নগরের বিভিন্ন বিপণিবিতানে মা, বোন বা বন্ধুর সঙ্গে সালোয়ার-কামিজের ক্রেতাদের ব্যস্ত থাকতে দেখা যায়। ঈদ এল বলে। বৃষ্টি-বাদল, যানজটসহ নিত্যনৈমিত্তিক দুর্ভোগগুলো নিয়ে ভাবার ফুরসত এখন আর নেই। ফলে নগরের বিপণিবিতান ও ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের ভিড় প্রচণ্ড। তবে সাধ-সাধ্যের সমন্বয় করে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পর্বগুলো পার হতে ক্রেতাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে।ঈদ মানেই পোশাকে নতুনত্ব আনা। এবারও সালোয়ার-কামিজে এসেছে বৈচিত্র্য। কয়েক বছর খাটো ঝুলের কামিজের প্রভাব ছিল একচেটিয়া। এবার লম্বা হয়েছে কামিজ। কামিজের নিচের ঘেরে দুই দিকের কোণ তৈরি করা হয়েছে বিশেষ কায়দায়। ধুতি কাট, চুড়িদারসহ বিভিন্ন ধরনের সালোয়ারের আকার-আয়তনেও পরিবর্তন হয়েছে। সালোয়ার-কামিজে হাতের কাজ, ঘের ও ফ্রিল, পাইপিং, বর্ডারের ব্যবহার এবার খানিকটা বেশি। মসলিনের ওড়না বা ওড়নায় কারুকাজ করেও পোশাকটিতে ঈদের আমেজ আনা হয়েছে। আনারকলিসহ বিভিন্ন ফ্রক আঙ্গিকের পোশাকও তরুণীদের পছন্দ।ফ্যাশন হাউস পিরানের নকশাবিদ ও মালিক হোসনা বানু প্রথম আলোকে বলেন, ‘আমি আমার দোকানের পোশাকে রং নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করি। তবে পোশাকের কাটে তেমন একটা পরিবর্তন করি না। এবার কামিজের ঝুল খানিকটা বাড়িয়েছি। আমার চিন্তা থাকে, পোশাকটি যাতে সারা বছরই ক্রেতারা পরতে পারেন।’ পিরানে ৮০০ থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে।শ্যামলীর বাসিন্দা পারুল বলেন, ‘এবার যে কী হয়েছে বুঝতে পারছি না, দামের সঙ্গে পছন্দের মিল করতেই পারছি না। সালোয়ার-কামিজে অনেক দাম লিখে রেখেছে, কিন্তু বিদেশি ঢঙের সেই পোশাকগুলো ঈদের দিন ছাড়া আর কোনো দিনও পরা সম্ভব হবে না। শেষ ভরসা আড়ং। সেখান থেকে একটি এবং যাত্রা থেকে একটি সালোয়ার-কামিজ কেনা সম্ভব হয়েছে।’ফ্যাশন হাউস নগরদোলার সহকারী দোকান ব্যবস্থাপক সোনিয়া আক্তার বলেন, ‘সুতি, সিল্কের বিভিন্ন পোশাক এক হাজার ৭৯০ থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।’মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে শীতাতপনিয়ন্ত্রিত চন্দ্রবিন্দু ফ্যাশন হাউসে এক হাজার থেকে শুরু করে বিভিন্ন দামের সালোয়ার-কামিজ, কুঁচকানো জামা কুর্তি, জর্জেট কাপড়ের কুঁচকানো স্কার্ট, টপসসহ মেয়েদের বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে। এ দোকানে ছোটদের সালোয়ার-কামিজও পাওয়া যাচ্ছে।মোহাম্মদপুরের তাজমহল রোডের লাল, সাদা, নীল হলুদ নামের দোকানটির স্লোগানই হচ্ছে ‘দেশের কাপড়ে রঙের খেলা।’ এ দোকানের সালোয়ার-কামিজে উজ্জ্বল রঙের খেলা ক্রেতাদের আকর্ষণ করছে। ঈদ বাজার ভালো বলে উল্লেখ করে এখানকার একজন বিক্রয়কর্মী বলেন, ‘এতটাই ভালো যে, এখন আর ক্রেতাদের চাহিদামতো মাপের পোশাকটি দিতে পারছি না।’ তাজমহল রোডের প্রায় পুরোটা রাস্তায় আছে বিভিন্ন পোশাকের দোকান। এখানে ৬০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে। ফলে মোহাম্মদপুরের স্থানীয় ক্রেতারা একবারের জন্য হলেও এখানে ঢুঁ দেন বলে জানালেন বিক্রয়কর্মীরা।ইয়েলো, দেশাল, বাংলার মেলা, রং, বিবিয়ানা, নবরূপা, ট্রেন্ডস, আজিজ সুপার মার্কেটের বিভিন্ন দোকানেও ঢুঁ দিচ্ছেন ক্রেতারা।