এবার উইকিলিকসের সমালোচনায় ইরাকি প্রধানমন্ত্রী
ইরাক যুদ্ধ-সংক্রান্ত গোপন নথি প্রকাশের জন্য উইকিলিকস যে সময় বেছে নিয়েছে, তার কড়া সমালোচনা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি।ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানান হয়েছে, ইরাকে নির্বাচনোত্তর সরকার গঠনের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার উদ্দেশ্যেই উইকিলিকস এ কাজ করেছে।প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আরও জানানো হয়, এটা ইরাক ন্যাশনাল পার্টি ও দলের নেতা বিশেষ করে প্রধানমন্ত্রী মালিকির বিরুদ্ধে ক্ষোভ উসকে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে।তবে এ ব্যাপারে উইকিলিকস জানিয়েছে, ইরাক যুদ্ধ নিয়ে সত্য প্রকাশের উদ্দেশ্যেই এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার আলোচিত ওয়েবসাইট ‘উইকিলিকস’ ইরাকে মার্কিন দখলদারিত্বের বেশ কিছু গোপন নথি প্রকাশ করে। প্রকাশিত মার্কিন বাহিনীর প্রায় চার লাখ নথিতে সাধারণ মানুষের ওপর ইরাকি কর্তৃপক্ষের ব্যাপক নির্যাতন ও মার্কিন সেনা চৌকিতে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে একসঙ্গে এত বেশি গোপন নথি ফাঁসের ঘটনা এটাই প্রথম। নথি ফাঁস করায় উইকিলিকসের নিন্দা জানিয়ে পেন্টাগন বলেছে, এর ফলে মার্কিন বাহিনী ও তাদের সহযোগী অন্তত ৩০০ ইরাকি ঝুঁকির মধ্যে পড়বে।—বিবিসি