ময়মনসিংহের পর এবার মহাখালী থেকে উত্তরের প্রায় ১২টি জেলার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনের ওপর চাপ পড়েছে
এবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি পথে বাস চলাচল বন্ধ
আশুলিয়া-বাইপাইল সড়কের বেহাল দশার কারণে গতকাল শনিবার সকাল থেকে রাজধানীর মহাখালী থেকে টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকেরা। কয়েক দিন আগে সড়ক ও জনপথ বিভাগ সড়কের ওই অংশটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল।সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় তিন দিন আগেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মালিকেরা বাস চলাচল বন্ধ করে দেন। এর ফলে ময়মনসিংহসহ ওই মহাসড়কের সংলগ্ন এলাকার মানুষ ঢাকার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে।ময়মনসিংহের পর এবার মহাখালী থেকে উত্তরের প্রায় ১২টি জেলার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনের ওপর চাপ পড়েছে। রাজধানীর কমলাপুর, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যাওয়ারও টিকিট পাওয়া যাচ্ছে না। এ ছাড়া গতকাল ভৈরব-কিশোরগঞ্জ পথে একটি যাত্রীবাহী ট্রেন ও জামালপুরে একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল সাত ঘণ্টা বন্ধ ছিল। জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ ছিল তিন ঘণ্টা। ফলে বাসের বিকল্প হিসেবে যারা গতকাল এ পথে ট্রেনে চড়ে, তাদেরও দুর্ভাগ্যক্রমে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।সড়কপথের যাত্রীদের চাপ ট্রেনে পড়ায় ময়মনসিংহ ও জামালপুর পথে চলাচলকারী যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তা ট্রেনে গতকাল থেকে পাঁচটি অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। রেলওয়ের মহাপরিচালক আবু তাহের প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে তাঁরা নতুন কিছু বগি প্রস্তুত করেছিলেন। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সেগুলো ঢাকা-ময়মনসিংহ পথে চলাচলকারী ট্রেনে যুক্ত করা হয়েছে।বগুড়া রেলস্টেশন সূত্র জানায়, ওই স্টেশনে ঢাকামুখী আন্তনগর ট্রেন লালমনিরহাট ও একতা এক্সপ্রেসের টিকিট বিক্রি ৩৫ শতাংশ বেড়েছে।মহাখালী থেকে সব বাস বন্ধ: আশুলিয়া-বাইপাইল হয়ে টাঙ্গাইল ছাড়াও সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাটসহ বেশ কয়েকটি জেলার বাস চলে। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে চলে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ জেলা ও সন্নিহিত উপজেলার বাস।বাসমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, মহাখালী টার্মিনাল থেকে ২০টিরও বেশি গন্তব্যে বাস চলাচল করে। মহাখালী টার্মিনালকেন্দ্রিক বাসের সংখ্যা প্রায় এক হাজার ৩০০। গতকাল থেকে এগুলোর সবই বন্ধ রয়েছে।মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম প্রথম আলোকে বলেন, মালিক সমিতি বাস বন্ধ করেনি। মালিকেরা অপারগ হয়ে সবাই মিলে বাস বন্ধ করে দিয়েছেন। এগুলো কবে চালু হবে, তা বলা যাচ্ছে না। সড়ক ঠিক হলে মালিকেরা নিজ গরজেই বাস চালু করবেন।আবুল কালাম আরও বলেন, উত্তরবঙ্গের বাস গাবতলী-সাভার দিয়ে গত কয়েক দিন চলেছে। কিন্তু এসব বাসের ওই পথে চলার অনুমতি না থাকায় নানা সমস্যা হয়। এ ছাড়া অননুমোদিত পথে চলে কোনো বাস দুর্ঘটনায় পড়লে বিমার টাকা পাওয়া যাবে না।ঢাকা-টাঙ্গাইল পথে চলাচলকারী নিরালা পরিবহনের শ্রমিক সাইফুল ইসলাম বলেন, আশুলিয়া-বাইপাইল পথে দীর্ঘদিন ধরেই বড় বড় গর্ত হয়ে আছে। সেগুলোতে বৃষ্টির পানি জমায় রাস্তা না পুকুর, তা বোঝা যায় না। দু-তিন দিন আগে সওজ ওই সড়কটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যবহার না করার পরামর্শ দেয়। এ বিষয়ে সাইনবোর্ডও টাঙানো হয়। এর পরই মহাখালী থেকে টাঙ্গাইল ও উত্তরবঙ্গগামী বাসগুলো মিরপুর-গাবতলী-সাভার হয়ে চলাচল শুরু করে।চালক-মালিকেরা অভিযোগ করেন, গাবতলীর পথে চলাচলের অনুমতি না থাকায় এ পরিস্থিতিতেও পুলিশ হয়রানি ও চাঁদা দাবি করে।উত্তরবঙ্গের এসব পথে বাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ গতকাল মহাখালী টার্মিনালে এসে দুর্ভোগে পড়ে। সিরাজগঞ্জের সুজাব আলী শেখ বলেন, মেয়ে পোশাক কারখানায় কাজ করে। তাকে দেখতে এসেছিলেন। টার্মিনালে এসে দেখলেন বাস বন্ধ।মারুফ রহমান অসুস্থ বাবা-মাকে নিয়ে গতকাল দুপুরে মিরপুর থেকে যানজট ঠেলে মহাখালীতে এসে দেখেন বাস বন্ধ। দিশেহারা মারুফ বলেন, ‘গত বুধবার বাবাকে চিকিৎসা করানোর জন্য টাঙ্গাইল থেকে বাসেই ঢাকা এনেছি। এখন কীভাবে যাব, ভেবে পাচ্ছি না।’ময়মনসিংহ অফিস: কয়েক দিন ধরে ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য শেষ অবলম্বন ট্রেন। গতকাল জামালপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বহুল আকাঙ্ক্ষিত ট্রেনযাত্রাও বিলম্বিত হয়ে মানুষকে দুর্ভোগে ফেলে।গতকাল শনিবার সকাল আটটায় ময়মনসিংহ রেলস্টেশনে গিয়ে শত শত যাত্রীকে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেছে। ট্রেন আসার ঠিকঠিকানা না থাকলেও টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি ছিল।সময়সূচি অনুযায়ী জামালপুর-ঢাকা পথের আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ভোর পাঁচটায় ময়মনসিংহে আসার কথা। কিন্তু আসে সকাল সাড়ে আটটায়। ব্রহ্মপুত্র ও তিস্তা ট্রেন দুটিও দুই থেকে আড়াই ঘণ্টা দেরিতে ময়মনসিংহে পৌঁছায়।ময়মনসিংহের হালুয়াঘাটের বিরুইমিশন এলাকার আদিবাসী যুবক অন্বেষণ বলেন, ঢাকায় যাওয়ার জন্য তিনি গতকাল বেলা একটায় স্টেশনে এসে টিকিটের জন্য দাঁড়িয়েছিলেন। বিকেল পাঁচটায় টিকিট পেয়েছেন, তবে তা আসনবিহীন। অর্থাৎ, দাঁড়িয়ে যেতে হবে।ময়মনসিংহ স্টেশনের মেঝেতে অসুস্থ স্বামীকে শুইয়ে পাশে বসে ছিলেন রশিদা খাতুন। গন্তব্য জামালপুর। বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ওই পথে চলাচলকারী লোকাল ট্রেন আসেনি।স্টেশনের সুপারিনটেনডেন্ট আবুল কালাম আজাদ বলেন, ইঞ্জিন-বগির সংকটের কারণে স্বাভাবিক সময়েই ট্রেন কিছুটা দেরিতে আসে। দুর্ঘটনার কারণে সব কটি ট্রেনেরই সময়সূচি ভেঙে পড়ে।রেলওয়ে সূত্র জানায়, ২১ আগস্ট পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকামুখী তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও অগ্নিবীণা ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।জোড়াতালির মেরামত: গতকাল সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট গর্ত নিম্নমানের ইট ও বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ভালুকার নিশিন্দা এলাকায় মেরামতকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান পিপিএলের সুপারভাইজার রফিকুল ইসলাম বলেন, তাঁদের পাঁচটি দল মহাসড়কের ময়মনসিংহ অংশের মেরামতকাজ করছে।ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, যেভাবে সাময়িক মেরামত হচ্ছে, এর ওপর দিয়ে দুই দিনও গাড়ি চালানো সম্ভব হবে না। বৃষ্টি হলে তো কথাই নেই।টাঙ্গাইল অফিস: গতকাল দুপুরে টাঙ্গাইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সারি সারি গাড়ি অলস দাঁড়িয়ে আছে। যাত্রীদের অনেকেই বাস টার্মিনাল থেকে হতাশ হয়ে রেলস্টেশনের দিকে ছুটেছে।ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শামীম হাসান বলেন, ‘বাস টার্মিনালে গিয়ে বোকা বনে গেছি। জরুরি কাজ থাকায় বাধ্য হয়ে রেলস্টেশনে এসেছি। চিত্রা এক্সপ্রেসের টিকিট কেটেও ভিড়ের কারণে উঠতে পারিনি। দ্রুতযান এক্সপ্রেসের অপেক্ষায় আছি।’গৃহবধূ আইরিন সুলতানা দুই শিশুসন্তান নিয়ে ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে এসে টিকিট কেটেছিলেন দ্রুতযানের। কিন্তু চিত্রা এক্সপ্রেসের ভিড় দেখে বাড়ি ফিরে যান। আইরিন সুলতানা এ সময় বলেন, ‘এভাবে ঘোষণা না দিয়ে গাড়ি (বাস) বন্ধ করে দেওয়া সভ্য সমাজে কীভাবে সম্ভব?’টাঙ্গাইল মিনিবাস মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান খান আকস্মিক বাস চলাচল বন্ধের পক্ষে ব্যবসায়িক ক্ষতির যুক্তি দেন। তিনি বলেন, ‘বাস রাস্তায় চালালে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই বাধ্য হয়ে গাড়ি বন্ধ রেখেছি। যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি আমাদেরও তো ব্যবসার ক্ষতি হচ্ছে।’এদিকে মহাসড়ক সংস্কারের দাবিতে গতকাল টাঙ্গাইল জেলা বাস-কোচ মালিক সমিতি, মিনিবাস মালিক সমিতি ও বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়ন স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান সংবাদ সম্মেলনে দাবি করেন, গত কয়েক দিনে তাঁদের ৯০টি বাসের টায়ার ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। এক্সেল ভেঙেছে ১৪৯টির। সড়ক সংস্কার না হলে তাঁরা বাস চালাবেন না।