এবার উপাচার্যের পদত্যাগ চাইলেন সাধারণ শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার সাংস্কৃতিক কর্মীদের মারধরের প্রতিবাদে আজ রোববার দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে সাংস্কৃতিক জোটের ব্যানারে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ থেকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ এবং সাংস্কৃতিক কর্মীদের মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, মারধরের ঘটনায় গতকাল উপাচার্যপন্থী ছাত্রলীগের ১৫ জন কর্মীর নামে আশুলিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, অভিযোগে ঘটনাস্থল ও সময় উল্লেখ না থাকায়, অভিযোগটি মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে।এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা তাঁর বাসভবনের মূল ফটকে এবং ক্যাম্পাসে উপাচার্যের চলাফেরা নির্বিঘ্ন করার লক্ষ্যে অপর ফটকে উপাচার্যপন্থী শিক্ষকেরা অবস্থান কমূর্সচি অব্যাহত রেখেছেন।