অন্ধকারাচ্ছন্ন চারপাশ। কেবল টেবিলের ওপর হালকা আলো দেখা যাচ্ছে। সে আলোয় চলছে খাওয়া-দাওয়া। হঠাৎ কানে এল ভৌতিক আওয়াজ। চোখের সামনে ভেসে উঠল ভূতের অবয়ব। তাই দেখে ভয়ে চমকে উঠল কেউ কেউ। পাঁচ-ছয় মিনিট পর আবার আগের মতোই পরিবেশ। প্রথমে যারা ভয় পেয়েছিল, তারাও পরে মজা পেল ভূত দেখে। ভাবছেন, এই নগরে আবার ভূত এল কেমন করে? হ্যাঁ, খাবার খেতে খেতে এমন ভূতের দেখা মিলছে ‘ভূত’ নামের রেস্তোরাঁয়।ধানমন্ডির ২ নম্বর সড়কের ৩৬ নম্বর বাড়িতে রয়েছে ভূত রেস্তোরাঁ। একে নগরের প্রথম ‘থিম রেস্টুরেন্ট’ বলে দাবি করেন এর সুপারভাইজার নোমান মাহমুদ। তিনি বলেন, গতানুগতিক রেস্তোরাঁর বাইরে খাবারের পাশাপাশি নগরবাসীকে অন্য রকম আনন্দ দিতেই ২০০৫ সালে ১ জুন ভূত রেস্তোরাঁ যাত্রা শুরু করে। তখন এটি ছিল এখন যেখানে আছে, তার ঠিক বিপরীত দিকে। স্থান বদলের জন্য সাত মাস এর কার্যক্রম বন্ধ ছিল। ২২ এপ্রিল থেকে ভূত আবার নতুন সাজে যাত্রা করে। তাই এখন এর নাম রাখা হয়েছে ‘উল্টা ভূত’।এবার আসা যাক, ভূতের খাবারের তালিকায়। এখানে রয়েছে থাই, চায়নিজ ও ভারতীয় খাবার। ভূতের দরজা খোলা হয় প্রতিদিন দুপুর ১২টায়। বন্ধ করা হয় রাত সাড়ে ১০টায়। চা-কফি থেকে শুরু করে দুপুরের খাবার, বিকেলের নাশতা বা রাতের খাবারসহ মোট ৪৪৭ পদের খাবার আছে ভূতে। এখানে খেতে এলে ভূতের সঙ্গে দেখা হবে। এ ছাড়া ফরমায়েশ দিলে ভূত খাবার সরবরাহ করে থাকে।ভূতে ভূত নামে প্রতি রাতে। নানা ভঙ্গিমার মুখোশ পরেই ভূতেরা আসে, নাচে, গায় এবং অতিথিদের ভয় দেখায়। ভূত দেখে অনেকেই হঠাৎ ভয় পায়। আবার অনেকেই ভূতের সঙ্গে মজা করে। শিশুরা অনেক সময় ভূত দেখে টেবিলের নিচে বা মায়ের কোলে লুকায়। অনেক শিশু আবার ভূতের হাত বা কান ধরে টানাটানিও করে। সব মিলিয়ে খাবার খেতে খেতে অন্য ভয় আর মজার জগতে সময় কাটানো যায় রেস্তোরাঁটিতে।ভূত রেস্তোরাঁয় আছে সাতটি কক্ষ। সব মিলিয়ে একসঙ্গে ১৪৭ জন পর্যন্ত খেতে পারে। চাইলে অর্ধশত লোকের অনুষ্ঠানও করা যায় এখানে। এ জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না। কেবল খাবারের টাকা দিলেই চলবে। ভূতের রং ও নকশায়ও রয়েছে ভৌতিক অবয়ব। তাই দেখা যাবে এখানে পুরো দেয়ালই কালো রং করা। মাঝেমধ্যে দেয়ালের মাঝখান থেকে আলোর আভা বেরিয়ে আসে। দেয়ালের কোথাও কোথাও ইটের প্রকৃত রংও দেখা যায়।ভূতের দেয়ালেও মজার মজার কিছু লেখা আছে। যেমন ‘আপনি ভুল জায়গায় আসছেন, সাবধান।’ কিংবা ভূতে যারা খাবার সরবরাহ করে, তাদের পোশাকেও ব্যতিক্রমী কিছু শব্দ লেখা দেখা গেল, ‘আয়’, ‘বস’, ‘খা’ ইত্যাদি।