এবার উল্লাপাড়ায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত আটজন
সিরাজগঞ্জের শাহজাদপুরের পর উল্লাপাড়া উপজেলায়ও ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স রোগ। উপজেলার দুটি গ্রামে গত তিন দিনে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন আটজন নারী-পুরুষ।উপজেলার নাদা গ্রামের আবদুল আলীম জানান, ২২ মে এক অপরিচিত ব্যক্তি তাঁদের গ্রামে একটি অসুস্থ মহিষ খুব কম দামে বিক্রি করে যান। মহিষটি জবাই করে গ্রামের লোকজন কম মূল্যে মাংস কিনে নেন। মহিষ জবাই, চামড়া ছাড়ানো, মাংস কাটা ও রান্নার সঙ্গে জড়িত গ্রামের অনেকে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। নাদা গ্রামের আক্রান্ত ব্যক্তিরা হলেন আবদুল আলীম (৩২), মোহসীন রেজা (৩৫), সাইদুর রহমান (৩৫), নাজমা খাতুন (৩১) ও স্বপন আলী (২৭)।এ ছাড়া ওই মহিষের মাংস কিনে নিয়ে যান পাশের চকহরিপুর গ্রামের অনেকে। ওই গ্রামের মাসুদ রানা (২৮), ফজর আলী (২৬) ও ফাতেমা খাতুনও (৩০) অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা সবাই গতকাল শনিবার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।উল্লাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সুকুমার সুর রায় অ্যানথ্রাক্স সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তিদের পাঁচ ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিম উদ্দিন খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম ও উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকুমার সুর রায় গতকাল নাদা ও চকহরিপুর গ্রাম পরিদর্শন করেন।সুকুমার সুর রায় জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগ ছোঁয়াচে নয়। হাসপাতালে প্রচুর ওষুধ আছে।গত বছরের সেপ্টেম্বর মাসে উল্লাপাড়ায় প্রায় ৫০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া গত এপ্রিল ও চলতি মাসে শাহজাদপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন ২০ জন।