এবার এক তিব্বতি মায়ের আত্মাহুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সিচুয়ান প্রদেশের আবা এলাকায় গতকাল বুধবার একজন তিব্বতি নারী নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়েছেন। তিনি ছিলেন তিন সন্তানের জননী। রেডিও ফ্রি এশিয়া ও ফ্রি তিব্বত নামের দুটি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে আবার একটি মঠের বাইরে দুই মেয়ে ও এক ছেলের মা রিকিও (৩৩) নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।চীনা শাসনের প্রতিবাদে শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতির ঘটনা এখন বারবার ঘটছে। বেশির ভাগ ক্ষেত্রে তিব্বতি বৌদ্ধভিক্ষুরা এসব ঘটনা ঘটাচ্ছেন।এর আগে গত রোববার তিব্বতের রাজধানী লাসায় দুই ব্যক্তি শরীরে আগুন ধরিয়ে দেন। এতে একজনের মৃত্যু হয় এবং অন্যজন গুরুতরভাবে দগ্ধ হন। তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে লাসায় এ ধরনের আত্মাহুতির ঘটনা এটাই প্রথম। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, লাসায় ওই আত্মাহুতির ঘটনায় সেখানে চীনা কর্তৃপক্ষ ব্যাপক ধরপাকড় শুরু করেছে। চীনা নিরাপত্তারক্ষীরা শত শত তিব্বতিকে গ্রেপ্তার করেছে।তিব্বতের একটি মানবাধিকার গোষ্ঠী দাবি করেছে, চীনের ছয় দশকের শাসনের প্রতিবাদে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ৩০ জনেরও বেশি ব্যক্তি নিজেদের শরীরে আগুন দিয়েছেন। এর মধ্যে ২৫ জনের মতো মারা গেছেন।এ ধরনের আত্মাহুতির ঘটনাকে সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যক্রম বলে আখ্যা দিয়ে থাকে চীন। তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা এ ধরনের আত্মাহুতিতে উসকানি দেন বলে দাবি বেইজিংয়ের।