এবার একটি ব্রোঞ্জ পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১ নম্বরের জন্য রৌপ্য পদক ফসকে গেল তারিক আদনানের। এবারও ব্রোঞ্জ পদক পেয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ গণিত দলকে। বাংলাদেশের আরও তিনজন প্রতিযোগী পেয়েছেন সম্মানসূচক স্বীকৃতি। প্রাকবিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) গতকাল রোববার রাতে অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পদক নির্ধারণ চূড়ান্ত করা হয়। রাত সোয়া ১০টার দিকে অংশগ্রহণকারী দেশগুলোর দলনেতা ও উপদলনেতাদের উপস্থিতিতে পদক তালিকা ঘোষণা করা হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিল। সভায় আগামী আইএমওর জন্য কমিটি গঠনসহ নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের তারিক আদনান ২০ নম্বর পেয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। রৌপ্য পদক দেওয়া হয়েছে ২১ নম্বর পর্যন্ত। এ ছাড়া আরও তিন প্রতিযোগী নাফিজা আনজুম, হাসান জুবায়ের ও হক মুহম্মদ ইশফাক পেয়েছেন সম্মানসূচক স্বীকৃতি। আগামীকাল কাজাখস্তানের আস্তানায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে। বাংলাদেশ গণিত দল দেশে ফিরে যাবে আগামী বৃহস্পতিবার। গত বছর ৫০তম আইএমওতে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ পদক পেয়েছিল।