এবার এরশাদের দোয়া নিলেন মান্নান
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আজমত উল্লার পর এবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে দেখা করে ‘দোয়া’ নিয়েছেন ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান। নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন পেয়েছেন বলেও তিনি দাবি করেছেন।আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবনে গিয়ে দেখা করেন মান্নান। এর আগে গতকাল সোমবার এরশাদের সঙ্গে দেখা করে ‘দোয়া’ নিয়ে যান আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা।গাজীপুর থেকে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এরশাদের বাসায় যান এম এ মান্নান। সেখানে তিনি প্রায় আধা ঘণ্টা সময় কাটান।এরশাদের বাসা থেকে বের হয়ে এম এ মান্নান প্রথম আলো ডটকমকে বলেন, ‘নির্বাচনের জন্য দোয়া চাইতে গিয়েছিলাম। তিনি আমাকে দোয়া দিয়েছেন।’ মান্নান দাবি করেন, এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁকে বলেছেন, তিনি জানেন জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীরা তাঁর (মান্নান) জন্য কাজ করছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘এটাই তো সমর্থন।’তবে তাৎক্ষণিকভাবে এরশাদ বা জাতীয় পার্টির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।