এবার এল ডিজিটাল কূটনীতি
ইন্টারনেটে ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে ব্যবসা ফাঁদা এখন পুরোনো ঘটনা। অন্যের নামে রটনা ছড়ানোতেও নতুনত্বের কিছু নেই। তবে কূটনীতির মতো জটিল ও সূক্ষ্ম কাজে জনপ্রিয় মাধ্যমগুলোর ব্যবহার নতুন বটে। সম্প্রতি ‘দ্য ইকোনমিস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের উপদূতাবাসে হামলার কয়েক মিনিটের মধ্যে কায়রোতে অবস্থিত মার্কিন দূতাবাস টুইটারে প্রচারকাজ শুরু করে। দূতাবাস থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানকারী মার্কিন নাগরিকদের জরুরি নম্বরে বার্তা পাঠিয়ে সর্বশেষ অবস্থা অবহিত করতে থাকে। ঘটনার কিছুক্ষণ পর কোনো তদন্ত ছাড়াই দূতাবাস থেকে বলা হয়, লিবিয়ার বিক্ষোভকে উসকে দিচ্ছে মিসরের মুসলিম ব্রাদারহুড। অবশ্য লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসের মৃত্যুতে যারা শোক প্রকাশ করেছিল, তাদের বার্তা দিয়ে ধন্যবাদ জানাতে ভোলেনি দূতাবাস।কার্যত বার্তা চালাচালির পুরো প্রক্রিয়াটি এক ধরনের ই-ডিপ্লোমেসি বা ২১ শতকের রাষ্ট্রীয় চাল। এত দিন কূটনীতি ছিল গোপন ও লুকানোর বিষয়। রুদ্ধদ্বারে লোকচক্ষুর আড়ালে একে নিয়ে নাড়াচাড়া হতো। এখন দিন বদলেছে। প্রচারমাধ্যমের বরাতে অনেক কিছুই খোলাসা। আর মানুষও দেখে-ঠেকে শিখেছে অনেক। তাই পুরোনো ছলাকলা আর চলছে না। উপায় আছে একটি। পুরোনো জিন নতুন প্রযুক্তি ঘোড়ার পিঠে লাগাও। তাহলে ঘোড়া আর জিন এক সঙ্গেই ছুটবে!এ কারণে কূটনীতিকেরা টুইটার, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে চীনের খুদে ব্লগিং ওয়েবসাইট সাইনা ওয়েইবো ব্যবহারে মন দিয়েছেন।এসব অনলাইন কর্মকাণ্ডের বড় অংশই গণকূটনীতি। অর্থাত্ এক দেশের সরকার অন্যদেশের জনগণের সঙ্গে যোগাযোগ করছে সরাসরি, দ্বিতীয় দেশটির সরকারকে ডিঙ্গিয়ে। তবে ইন্টারনেটভিত্তিক কূটনীতি বা সংক্ষেপে ই-কূটনীতির আরও লক্ষণীয় দিক আছে, তাহলো এর অনায়াসলভ্যতা ও সহজপ্রাপ্যতা। এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, কোনো তথ্য আদান-প্রদান করা এবং যোগাযোগ রক্ষার জন্যও এর ব্যবহার হচ্ছে।ই-কূটনীতির ব্যবহারে এগিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০০৯ সালে হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একুশ শতকের শাসনব্যবস্থার অংশ হিসেবে তাঁর মন্ত্রণালয় থেকে ১৯৪টি টুইটার এবং ২০০টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। এগুলোর আছে লাখ লাখ ‘ফলোয়ার’ বা সদস্য। তবে নতুন এ কৌশলে বিশ্বের অধিকাংশ দেশ এখনো অন্ধকারে। টুইটার ব্যবহার করছেন ২০ জন ব্রিটিশ কূটনীতিক। রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের ৪০টি টুইটার অ্যাকাউন্ট আছে। ইসরায়েলও ই-কূটনীতির ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। জনসাধারণের জন্য ইন্টারনেটের ব্যবহারে খুলে দিতে এত কৃপণ যে চীন, সে-ও ই-কূটনীতির ব্যবহার বাড়াতে কুণ্ঠা করছে না।রাষ্ট্রনেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভসহ অনেকে ইন্টারনেটের ব্যবহার বাড়িয়ে চলেছেন।ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনের ফেলো ফারগুস হ্যানসন ই-কূটনীতির ওপরে একটি বই-ই লিখে ফেলেছেন। তাঁর অভিমত, যোগাযোগের এ জালটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ‘দুনিয়াজোড়া প্রচারমাধ্যমের সাম্রাজ্য’।হ্যানসন বলেন, ই-কূটনীতির ব্যবহার সব সময়ই যে ভালো ফল দিচ্ছে, তা নয়। কখনো কখনো তা বিপত্তিও তৈরি করছে। ২০১০ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয় শিক্ষার্থীদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উত্থাপনের পেছনে বর্ণবাদী মনোভাব কাজ করেছে—এমন খবর ছড়িয়ে পড়লে বিপত্তি বাধে। ভারতীয়দের লেখাপড়ার কাজে অস্ট্রেলিয়ায় যাওয়ার হার লক্ষণীয়ভাবে কমে যায়। অথচ এসব শিক্ষার্থীর দেওয়া টিউশন ফি অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান আয়ের খাত। ই-কূটনীতির আরও সমালোচনা আছে। মার্কিনরা একে ব্যবহার করছে নিজেদের আধিপত্য বিস্তারে। কিন্তু অনেকেই বলছেন, ইন্টারনেটের অবাধ ব্যবহার নিশ্চিত করে মার্কিন সাম্রাজ্যবাদ নিজের জন্য এক ‘ট্রয়ের ঘোড়া’ বয়ে আনছে।