২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় এবার বিএনপির নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর নাম এসেছে বলে দাবি করেছে সিআইডি।গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জমা দেওয়া সিআইডির এক প্রতিবেদনে জঙ্গি নেতা মুফতি হান্নানের সর্বশেষ জবানবন্দিতে সাকা চৌধুরীর সম্পৃক্ততার কথা এসেছে বলে উল্লেখ করা হয়। তাতে বলা হয়, এ মামলায় ইতিমধ্যে সাকা চৌধুরীকে কারাফটকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গতকাল দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত শেষ করতে না পারায় তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ তদন্তের সময় আরও ৩০ দিন বাড়ানোর আবেদন করেন।রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান গতকাল তদন্ত কর্মকর্তার এই আবেদন আদালতে জমা দেন। শুনানি শেষে মহানগর দায়রা জজ জহুরুল হক অধিকতর তদন্তের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ান।আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়, গত ৭ এপ্রিল আদালতে হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার ষড়যন্ত্র, গ্রেনেড সরবরাহের বিষয়ে বেশ কিছু নতুন আসামির নাম প্রকাশ করেছেন। এঁদের মধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, হুজি নেতা মাওলানা শেখ ফরিদ ও মাওলানা সাব্বিরকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।সিআইডির প্রতিবেদনে আরও বলা হয়, ‘মুফতি হান্নান তাঁর বর্ধিত (তৃতীয় দফা) জবানবন্দিতে উল্লিখিত অত্র মামলার ঘটনায় সংশ্লিষ্ট সালাউদ্দিন কাদের চৌধুরীকে এই মামলাসংক্রান্ত জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন মহানগর কৌঁসুলি আবদুল্লাহ আবু এবং তাঁকে সহায়তা করেন আবুল কালাম ও আকরাম উদ্দিন।এর আগে সিআইডির আরেক প্রতিবেদনে বলা হয়, মুফতি হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে গ্রেপ্তারের চেষ্টা করে সিআইডি।এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির আরেক সাংসদ শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদের বিষয়ে জানতে কুমিল্লার মুরাদনগর থানার পুলিশের কাছে অনুসন্ধানপত্র পাঠিয়েছে সিআইডি।প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ জুন সিআইডি ২১ আগস্ট-সংক্রান্ত মামলা দুটির অভিযোগপত্র দাখিল করে। ওই অভিযোগপত্রে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উৎস, সরবরাহকারী ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্জেস গ্রেনেড ধ্বংসের বিষয়টি তদন্তে আসেনি বলে উল্লেখ করে ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই বছরের ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন।