এবার ককটেল মেরে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ
দিনাজপুরের বিরামপুর সীমান্তে গতকাল শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ককটেল নিক্ষেপে সাইদুর রহমান (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের পলি মাহমুদপুর গ্রামের মৃত আ. গফুরের ছেলে। উপজেলার ভাইগড় গ্রামের আনোয়ার হোসেন ও কাজল হোসেন জানান, গতকাল ভোর চারটার দিকে সাইদুরের সঙ্গে তাঁরা সীমান্তের ২৯০ মেইন পিলারের ৩১ সাব-পিলার থেকে ১৫০ গজ ভেতরে ভারতের জামালপুর গ্রামে গরু আনতে যান। এ সময় গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের ওপর ককটেল নিক্ষেপ করেন। ককটেলটি সাইদুরের বুকে বিস্ফোরিত হয়। এতে সাইদুরের সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। তাঁরা সাইদুরকে নিয়ে আসতে চাইলে বিএসএফ তাঁদের ধাওয়া করে। বিএসএফের ধাওয়া খেয়ে তাঁরা সাইদুরকে রেখে পালিয়ে আসেন।সাইদুরের স্ত্রী রেজিনা খাতুন (৩৫) জানান, গতকাল বেলা ১১টার দিকে সাইদুরের মৃত্যুর বিষয়টি তাঁদের আত্মীয় জামালপুর গ্রামের মোসলেম উদ্দিন নিশ্চিত করেন। বর্ডার গার্ড বাংলাদেশ ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ-উল হক জানান, এ ঘটনায় গতকাল বিকেলে সীমান্তের ২৮৯ মেইন পিলারের ৪৬ সাব-পিলারের কাছে পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ভাইগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরিদ উদ্দিন। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন গোবিন্দপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. ইসলাম। বিজিবির পক্ষ থেকে নিহত ব্যক্তি বাংলাদেশের বলে বিএসএফকে জানানো হয়েছে। বিএসএফ বৈঠকে বিজিবিকে জানায়, সীমান্তে তাদের ককটেল নিক্ষেপে একজন আহত হন। আহত ব্যক্তি প্রথমে নিজেকে ভারতের নাগরিক বলে দাবি করেন। পরে তাঁকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।