এবার কাবোতে কাবু বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ ফ্লাইট পরিচালনার জন্য উড়োজাহাজ ভাড়া করা নিয়ে আবার সংকটে পড়েছে বিমান।নাইজেরিয়ার বিতর্কিত কাবো এয়ারলাইনস থেকে উড়োজাহাজ ভাড়া করতে কারসাজি করে শেষ মুহূর্তে এই সংকট তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আর এ জন্যই গত জানুয়ারি থেকে তিন দফা দরপত্র বা রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) করেও বিমান কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।সর্বশেষ গত ১৯ জুলাই বিমানের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চতুর্থ দফায় সরাসরি যোগাযোগ করে উড়োজাহাজ ভাড়াদানকারী বিভিন্ন কোম্পানির কাছে চিঠি পাঠানো হয়। গত ২৭ জুলাইয়ের মধ্যে আগ্রহী কোম্পানিগুলোর কাছে দর প্রস্তাব চাওয়া হয়। কিন্তু কেউই বিমানের আহ্বানে সাড়া দেয়নি। এর আগের দরপত্রে অংশগ্রহণকারী একাধিক প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি প্রথম আলোকে বলেছেন, গত জানুয়ারি থেকে দফায় দফায় দরপত্র বা আরএফপির নামে যেভাবে কালক্ষেপণ করা হয়েছে, তাতে বিরক্ত হয়ে এখন বিদেশি নামকরা প্রতিষ্ঠানগুলো আগ্রহ হারিয়ে ফেলেছে। তা ছাড়া হজ মৌসুমে উড়োজাহাজের চাহিদা খুব বেড়ে যায়। এ সময় ভাড়াও বেশি। তাই বাংলাদেশ বিমানের জন্য কেউ উড়োজাহাজ বসিয়ে রাখে না। অন্যান্য দেশের বিমান সংস্থা হজের মৌসুমের জন্য অনেক আগেই সিদ্ধান্ত ও চুক্তি করে। বিমান মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এবার এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যাতে কাবোর কাছে কাবু না হয়ে উপায় থাকে না।’বিমান সূত্র জানায়, প্রথম দফা আরএফপি করা হয় গত ১৮ জানুয়ারি। তাতে বিমান কর্তৃপক্ষ একটি উড়োজাহাজ এক বছরের জন্য এবং আরেকটি হজের মৌসুমে তিন মাসের জন্য প্রস্তাব আহ্বান করে। তখন ১০টি কোম্পানি প্রস্তাব জমা দেয়। তাতে সর্বনিম্ন দরদাতা ছিল দুবাইয়ের এয়ার চার্টার্ড ইন্টারন্যাশনাল। তারা বোয়িং ৭৭৭-২৬৬ ইআর সিরিজের ৪৪০ আসনের দুটি উড়োজাহাজ ভাড়ার প্রস্তাব দেয়। এর মধ্যে এক বছরের জন্য তাদের প্রতি উড্ডয়ন ঘণ্টার ভাড়ার প্রস্তাব ছিল ছয় হাজার ৮০০ মার্কিন ডলার, আর হজের তিন মাসের জন্য ছিল আট হাজার ২২৫ ডলার। কিন্তু বিমান অযথা কালক্ষেপণ করে তিন মাস পর জানায়, সব প্রস্তাবই অগ্রহণযোগ্য (নন-রেসপন্সিভ)। দর প্রস্তাব জমা দিয়েছে এমন একটির স্থানীয় প্রতিনিধি অভিযোগ করেন, প্রথম দফা কাবো এয়ার প্রস্তাব জমা দেয়নি। কারণ তাদের কাছে তখন পর্যন্ত ভাড়া দেওয়ার মতো উড়োজাহাজ ছিল না। তারা তখনো উড়োজাহাজ সংগ্রহের চেষ্টা করছিল। তাই প্রথম আরএফপিতে সব প্রস্তাব নাকচ করে দেওয়া হয়।অবশ্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলাম প্রথম আলোকে বলেন, আগের আরএফপিতে সর্বনিম্ন দরদাতা ছিল অস্ট্রেলিয়ার অজবান অ্যারোনটিক্যাল সার্ভিসেস। তারা শর্ত দেয়, তাদের দুটি উড়োজাহাজই ভাড়া নিতে হবে। কিন্তু বিমান যুক্তরাষ্ট্রের এয়ার আটলান্টা আইসল্যান্ডিকের কাছ থেকে একটি বোয়িং এক বছরের জন্য ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। তাই বিমান অজবান থেকে হজের জন্য একটি বোয়িং ভাড়ার প্রস্তাব দেয়। তাতেও তারা রাজি হয়নি। এরপর আরও দুবার আরএফপি করতে হয়।সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, কাবো যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে ২০ বছরের কম পুরোনো একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ভাড়ার আশ্বাস পায়। এরপর গত ২৬ মে দ্বিতীয় দফা আরএফপি করে। তাতে মাত্র তিনটি দর প্রস্তাব পড়ে। কাবো ছাড়া বাকি দুটি প্রতিষ্ঠান হলো ফ্রান্সের এভিকো এশিয়া প্যাসিফিক ও থাইল্যান্ডের ওরিয়েন্ট থাই এয়ারলাইন্স। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় তিনটিকেই অযোগ্য ঘোষণা করা হয়। এরপর তৃতীয় দফা গত ৩ জুলাই আরএফপি করা হয়। ১০ জুলাই ছিল প্রস্তাব জমা দেওয়ার শেষ সময়। তাতে দর প্রস্তাব জমা দেয় মাত্র দুটি—ফ্রান্সের এভিকো এশিয়া প্যাসিফিক ও কেন এভিয়েশন। এদেরও অযোগ্য ঘোষণা করা হয়। এরপর গত ১৮ জুলাই নিজ থেকেই কাবো এয়ার প্রতি ঘণ্টা ১২ হাজার ৬০০ মার্কিন ডলারে একটি বোয়িং ৭৪৭ ভাড়ার প্রস্তাব দেয়। বিমানের সূত্র জানায়, কাবোর এই প্রস্তাব গত ১৯ জুলাই বিমানের পরিচালনা পর্ষদে তোলা হয়। বিতর্কিত কাবো থেকে উড়োজাহাজ ভাড়ার প্রস্তাব তোলায় সভায় তোপের মুখে পড়েন বিমানের কর্মকর্তারা। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, এরপর চতুর্থ দফায় আবার প্রস্তাব চাওয়া হয়। কিন্তু তাতে কোনো সাড়া পড়েনি।এ অবস্থায় সমাধান খুঁজে বের করতে এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন বিমান কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করেছে। আগামী মাসের শেষদিকে হজযাত্রী পরিবহন শুরু হবে। এ অবস্থায় কাবো থেকেই উড়োজাহাজ ভাড়া করার জন্য বিমানের ভেতরে প্রভাবশালী একটি পক্ষ যুক্তি তুলে ধরছে বলে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়।অথচ দুই বছর আগে কাবোকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল বিমানে। কিন্তু তা না করে উল্টো গত বছর কাবো থেকে হজফ্লাইটের জন্য উড়োজাহাজ ভাড়া করার চেষ্টা করে প্রভাবশালী একটি মহল। বিমানমন্ত্রীর অমনীয়তায় সে চেষ্টা ব্যর্থ হয়।সূত্রমতে, এবার ওই মহলটি আরও আটঘাট বেঁধে মাঠে নেমেছে। তারা পুরো বছর সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে একেবারে শেষ মুহূর্তে বলছে, কাবো ছাড়া আর কেউ উড়োজাহাজ ভাড়া দিতে রাজি হচ্ছে না।জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে শনিবার বিমানের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হবে।