এবার কুষ্টিয়ায় অ্যানথ্রাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুরের পর এবার কুষ্টিয়া ও টাঙ্গাইলেও অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত ৩৬ জনকে শনাক্ত করা হয়েছে। গত মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৪ জনকে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাবনার বেড়া উপজেলায়ও নতুন ১১ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে।আমাদের অফিস ও প্রতিনিধির পাঠানো খবর:কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে গত দুই দিনে মোট ৩৬ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন জীতেন্দ্র চন্দ্র রায়। গতকাল দুপুরে সিভিল সার্জনের নেতৃত্বে একটি চিকিত্সা দল অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত ২০ জনকে শনাক্ত করেন। বুধবার শনাক্ত করা হয় ১৬ জনকে। আক্রান্ত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।জানা গেছে, দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে অসুস্থ ছাগল জবাই করে মাংস কাটা ও ধোয়ার কাজে সম্পৃক্ত ব্যক্তিদের শরীরের বিভিন্ন অংশে ঘা দেখা দেয়। খবর পেয়ে বুধবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালেহ আহমেদ ওই গ্রামে গিয়ে তাঁদের অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করেন।সিভিল সার্জন জীতেন্দ্র চন্দ্র রায় বলেন, অসুস্থ ছাগলের মাংস থেকেই অ্যানথ্রাক্স জীবাণু ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সা দেওয়ার পাশাপাশি গ্রামবাসীর সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ওই এলাকায় সচেতনতামূলক সভা করা হচ্ছে। নতুন করে যাতে অ্যানথ্রাক্স ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেছেন।ঘাটাইল (টাঙ্গাইল): উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কুমুর্শি গ্রামে ১৪ জনকে অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। গত মঙ্গলবার ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা সাইফুল মালেক ওই গ্রাম পরিদর্শন করে এঁদের শনাক্ত করেন।জানা গেছে, গত ২৩ আগস্ট ওই গ্রামের বাসিন্দা আবদুল লতিফের কেনা একটি গরু অসুস্থ হয়ে পড়লে তিনি তড়িঘড়ি সেটিকে জবাই করেন। এক দিন পরই ওই গরু জবাই ও কাটাকাটির কাজে জড়িত ব্যক্তিদের হাতে-পায়ে ফোসকা ও ক্ষতের সৃষ্টি হয়। গত সোমবার ঘটনাটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নজরে আসে। মঙ্গলবার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সা দেওয়া শুরু হয়েছে। গরুর মালিক আবদুল লতিফের বাবা হাফিজ উদ্দিন জানান, ১৯ আগস্ট সিরাজগঞ্জের একজন পাইকারের কাছ থেকে গরুটি কেনা হয়। বেড়া (পাবনা): পাবনার বেড়া উপজেলায় বুধবার নতুন করে আরও ১১ জন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত রোগীদের সবাই বেড়া পৌর এলাকার সানিলা মহল্লার বাসিন্দা। এ নিয়ে উপজেলায় মোট ১২ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেল।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২২ আগস্ট সানিলা মহল্লার গরুর খামারি শুকুর আলীর একটি গরু অসুস্থ হয়ে পড়লে তিনি অল্প দামে সেটিকে মহল্লার কয়েকজনের কাছে বিক্রি করে দেন। পরে মহল্লাবাসী গরুটি জবাই করে এর মাংস ভাগ করে নেন। গত সোমবার থেকে মহল্লাবাসীর মধ্যে অ্যানথ্রাক্সের লক্ষণ দেখা দিতে শুরু করে।বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘সোমবার কালাম নামের একটি ছেলে শরীরে ক্ষত নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আমার কাছে চিকিত্সা নিতে এলে আমি তাকে অ্যানথ্রাক্স রোগী হিসেবে শনাক্ত করি। তার কাছ থেকে গরু কেনা ও জবাইয়ের কাহিনী বিস্তারিত শুনে ওই দিনই সানিলা মহল্লায় গিয়ে আরও সাতজনকে শনাক্ত করি। বুধবার পর্যন্ত মহল্লার ১১ জনকে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।’অ্যানথ্রাক্স আতঙ্ক: নীলফামারী প্রতিনিধি জানান, জেলায় গত দুই দিনে ছয়টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসীর ধারণা, অ্যানথ্রাক্স রোগের কারণে গরুগুলো মারা গেছে। তবে পশুসম্পদ বিভাগ বলছে, জেলার কোথাও অ্যানথ্রাক্স রোগে গরু মারা যায়নি।জেলায় বিচ্ছিন্নভাবে গরু মারা যাওয়ার কথা স্বীকার করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, নতুন ঘাসের বিষক্রিয়াজনিত কারণে বিচ্ছিন্নভাবে কিছু গরু মারা গেছে। ওই সব মৃত গরুর নমুনা পরীক্ষা করে অ্যানথ্রাক্স রোগের কোনো আলামত পাওয়া যায়নি।এদিকে নীলফামারী জেলা প্রাণিসম্পদ বিভাগে জনবল এবং অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধকের সংকট দেখা দিয়েছে। জেলার প্রায় সাড়ে সাত লাখ গরু-মহিষের জন্য প্রতিষেধক সরবরাহ করা হয়েছে মাত্র পাঁচ হাজার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ‘আমরা ২০ হাজার প্রতিষেধক চেয়ে গত রোববার পাঁচ হাজার পেয়েছি। প্রতি ডোজ প্রতিষেধকের দাম ৩০ পয়সা।’ জেলা প্রাণী হাসপাতালের সার্জন আবু রায়হান জানান, জেলায় নিবন্ধিত খামার আছে ৬৬০টি। এ ছাড়া অনিবন্ধিত খামারও আছে। জেলায় সাড়ে সাত লাখ গরু ও ১৫ হাজার ৭৯৬টি মহিষ আছে।