কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালশায় এবার খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়া হয়েছে। এতে ট্রেনচালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। পাথরের আঘাতে মাথা ফেটে গেছে চালক শাহাদত হোসেনের। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এর আগে ১০ আগস্ট চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে নারী প্রকৌশলী প্রীতি দাশ (২৪) গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এরপর ২২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া মোড় এলাকায় মহানগর গোধূলী ট্রেনে পাথর ছোড়া হয়। এতে চালক আবদুল্লাহ আল বাকি (৫৫) গুরুতর আহত হন।গতকাল কুষ্টিয়ায় ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় আটক যুবকেরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রমজান আলীর ছেলে হুসাইন কবীর (২০) ও দামুড়হুদা উপজেলার পাঠাচোরা গ্রামের ওসমান গনির ছেলে আলী হাসান (২৩), পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের আমিনুল হকের ছেলে নাঈম হক (১৮) ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দামুকদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাজমুল রহমান (১৮)।রূপসা এক্সপ্রেস ট্রেনের সহকারী চালক হামিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, বুধবার ট্রেনটি সৈয়দপুর থেকে পাবনার ঈশ্বরদী হয়ে খুলনায় যাচ্ছিল। বেলা একটার দিকে ঈশ্বরদী থেকে ট্রেনের চালক পরিবর্তন করা হয়। খুলনায় যাওয়ার পথে মিরপুরের হালশা স্টেশন অতিক্রমকালে কয়েকজন যুবক ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। ট্রেনচালক শাহাদতের মাথায় একটি পাথর পড়ার পরপরই তিনি ট্রেন থামিয়ে দেন। পাথরের আঘাতে ট্রেনের আরও কয়েকজন যাত্রী আহত হন। পরে চালককে উদ্ধার করে স্থানীয় হালশা বাজারে একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসাকেন্দ্রের উপস্বাস্থ্য সহকারী আমিরুল ইসলাম বলেন, পাথরের আঘাতে ট্রেনচালকের মাথায় রক্তক্ষরণ হয়েছে। মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তবে মাথার পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।পোড়াদহ স্টেশনের মাস্টার শরিফুল ইসলাম জানান, ঘটনার তিন ঘণ্টা পর আপলাইনে খুলনা-রাজশাহী ও ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঈশ্বরদী থেকে চালক আনা হচ্ছে। ওই চালক ট্রেনটি খুলনায় নিয়ে যাবেন।পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন বলেন, স্থানীয় জনতা চারজনকে ধরে মারধর করে পুলিশে দিয়েছেন।মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান জানান, আটক চার যুবকের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালত দুই বছর করে এবং একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। দুই বছর করে দণ্ডাদেশপ্রাপ্ত তিনজন হলেন হুসাইন কবীর, নাজমুল রহমান ও নাঈম হক। ছয় মাস দণ্ডাদেশপ্রাপ্ত হলেন আলী হাসান। চার যুবকই রহনপুর থেকে খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেসের যাত্রী ছিলেন।