দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে বিভিন্ন অঙ্গনের বরেণ্য, প্রাজ্ঞ ও বয়সী নাগরিকদের বর্তমান ও অতীত কর্মকাণ্ড নিয়ে কথোপকথন অনুষ্ঠান ‘বেলা অবেলা সারাবেলা’। অনুষ্ঠানটির উপস্থাপক আসাদুজ্জামান নূর। কথা হলো তাঁর সঙ্গে।সম্প্রতি শেষ হলো ‘কে হতে চায় কোটিপতি’। এবার ‘বেলা অবেলা সারাবেলা’র উপস্থাপনা করছেন।‘কে হতে চায় কোটিপতি’র অনেক আগেই কিন্তু ‘বেলা অবেলা সারাবেলা’র কাজ শুরু করেছিলাম। কয়েকটা পর্বে রেকর্ডিংও হয়েছিল। পরে শুধু কে হতে চায় কোটিপতির উপস্থাপনার কাজটাই করেছি। ওটা শেষ হওয়ার পর বেলা অবেলা সারাবেলা শুরু করেছি। দুইটা দুই ধরনের অনুষ্ঠান। চরিত্রটাই আলাদা। একসঙ্গে করলে কোনোটাতেই পুরোপুরি মনোযোগ দেওয়া সম্ভব হতো না। বেলা অবেলা সারাবেলা অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।এই অনুষ্ঠানটি করার পেছনের মূল কারণটি হলো, বিভিন্ন অঙ্গনের বরেণ্য, প্রাজ্ঞ ও বয়সী নাগরিকদের বর্তমান ও অতীত কর্মকাণ্ড প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণ করা। যাঁদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে, তাঁরা খুবই বরেণ্য ব্যক্তিত্ব। কিন্তু আমি তাঁদের সঙ্গে কোনো গুরুগম্ভীর আলোচনা করছি না। গল্পের মধ্য দিয়ে তাঁদের জীবনের নানা খুঁটিনাটি ও উল্লেখযোগ্য দিক জানার চেষ্টা করি। তাঁদের কথার মধ্য দিয়ে বিভিন্ন মজার মজার দিক উঠে এসেছে।এ পর্যন্ত কাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন?মুস্তাফা নূরউল ইসলাম, বেলাল চৌধুরী, সুধীন দাশ, ফয়েজ আহ্মদ, সাঈদা খান, সৈয়দ শামসুল হক, মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী প্রিয়ভাষিণী, আলী যাকেরকে। আমাদের এই অনুষ্ঠান অব্যাহত থাকবে।পরপর দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন। আপনার নিজের কাছে কেমন লাগছে?কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানে একটা চরিত্রে অভিনয় করেছি। এবার কোনো অভিনয় করছি না। মনে হচ্ছে, পুরোপুরি নিজের মধ্যেই আছি। আপনি তো একটি ধারাবাহিকে অভিনয় করছেন?হ্যাঁ, গহীনে। দেশ টিভিতে প্রচারিত হচ্ছে। অতিথিশিল্পী বলা যায়। সুবর্ণা মুস্তাফা অনুরোধ করলেন, আমি আর ফেলতে পারিনি। টিভি নাটকে অভিনয় অব্যাহত রাখতে চাই, ছেড়ে দিতে চাই না। খুব বেশি পারব না। সময়-সুযোগ বের করে কাজ করব।