পরিবেশ অধিদপ্তর বলছে, আড়াই হাজার বর্গমিটার ভরাট হয়েছে রাজউকের দাবি, ভরাট করা হয়েছে ২০০ বর্গফুট
এবার খাল ভরাট করছে রাজউক!
এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষই (রাজউক) সড়ক বানানোর জন্য খিলক্ষেতের ডুমনি খাল ভরাট করেছে। ঢাকা মহানগরের সঙ্গে পূর্বাচল উপশহর প্রকল্পের সংযোগের জন্য এই সড়ক নির্মাণ করা হবে। জলাধার সংরক্ষণ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ রাজউকই লঙ্ঘন করছে এই আইন।খিলক্ষেতের ডুমনি ইউনিয়নে ডুমনি খাল। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডুমনি খাল ভরাটের বিরুদ্ধে এলাকাবাসী গত ১০ মার্চ পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল ১৫ মার্চ সরেজমিনে সেখানে যায় এবং রাজউকের খাল ভরাটের ঘটনার সত্যতা পায়। এ কারণে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ১৬ মার্চ অধিদপ্তরে তলব করা হয়।সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, পিংক সিটি প্রকল্পের অদূরে ডুমনি সেতুর কাছে খালের বেশ কিছু অংশ আড়াআড়িভাবে বালু ফেলে ভরাট করা হয়েছে। খিলক্ষেত থেকে কুড়িল বরাবর খাল ধরে প্রান্তসীমা পর্যন্ত (বালু নদের সংযোগস্থল) ভরাট করা হয়েছে। আশপাশে খাল ভরাট করে সাইনবোর্ড টাঙিয়েছে বেসরকারি কয়েকটি আবাসন প্রতিষ্ঠান। ফলে খালটিকে আলাদা করে চেনার উপায় প্রায় নেই।এলাকাবাসী জানান, প্রায় দেড় মাস আগে রাজউক ভরাটকাজ শুরু করে। আবদুর রহমান নামের এক দোকানি অভিযোগ করেন, খাল ভরাটের বিষয়ে রাজউকের উপস্থিত লোকদের প্রশ্ন করলে তাঁরা বলেছেন, সরকারি কাজে বাধা দিলে শাস্তি হবে। কয়েকজন বাসিন্দা জানান, বেসরকারি আবাসন কোম্পানিগুলো আগেই এখানে খাল ভরাট করেছে। এ বিষয়ে তাঁরা রাজউককে জানালে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েই রাজউক দায়িত্ব শেষ করেছে।জানা যায়, পরিবেশ আইন লঙ্ঘন এবং খাল ভরাট করে প্রতিবেশের ক্ষতির অপরাধে কেন ক্ষতিপূরণ আদায় এবং সংশ্লিষ্ট আইনে মামলা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—এই মর্মে অধিদপ্তর ১৪ মার্চ কারণ দর্শানোর নোটিশ দেয় রাজউককে। এর পরিপ্রেক্ষিতে রাজউকের পূর্বাচল প্রকল্পের একজন প্রতিনিধি ১৬ মার্চ অধিদপ্তরের পরিচালকের সঙ্গে দেখা করে রাজউকের বক্তব্য জানান।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা পরীক্ষা করে প্রমাণ পেয়েছেন, ঢাকা-পূর্বাচল সংযোগ সড়ক প্রকল্পের আওতায় সড়ক নির্মাণকাজে ডুমনি খালের প্রায় আড়াই হাজার বর্গমিটার অংশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। আড়াআড়ি ভরাট করায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ অবরুদ্ধ হয়ে পড়েছে। তিনি জানান, ভরাটকাজে প্রায় দুই লাখ ৬৪ হাজার ৮৩৫ ঘনফুট বালু ফেলা হয়েছে। খালের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিচার করে এই হিসাব করা হয়েছে। ভরাটের ফলে খালের প্রাকৃতিক বৈশিষ্ট্য বিনষ্ট হয়েছে।অধিদপ্তরের মতে, মহানগরকে বন্যামুক্ত রাখার ক্ষেত্রে এ খালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু যেভাবে ভরাট করা হয়েছে তাতে খালের অস্তিত্ব নিয়েই সমস্যা দেখা দেবে।জানা যায়, রাজউকের এই সড়ক প্রকল্পের জন্য নিয়ম অনুযায়ী ‘এনভার্সনমেন্ট ইমপেক্ট অ্যাসেসমেন্ট’ দাখিল করা হয়নি, যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী দণ্ডনীয়।মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, রাজউককে জানানো হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে তাদের লিখিত নোটিশ ও বালু অপসারণের জন্য এক মাস সময় দেওয়া হবে। নইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেসব বেসরকারি কোম্পানি খাল ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করছে, তাদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।জানতে চাইলে পূর্বাচল প্রকল্পের পরিচালক ও রাজউকের তত্ত্বাবধায়ক পরিচালক আনোয়ার হোসেন বলেন, প্রকল্পের জন্য ২০০২ সালে পরিবেশ ছাড়পত্র নেওয়া হয়েছে। ডুমনি খালের ২০০ বর্গফুটের মতো আড়াআড়িভাবে ভরাট হয়ে থাকতে পারে। সড়কের প্রয়োজনে যেখানে ভরাট হয়েছে, সেখানে ছয় ফুট (ডায়া) পাইপলাইন নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে কালভার্ট তৈরি হবে।তবে পরিবেশ অধিদপ্তর জানায়, এখানে বালু অপসারণ করে তারপর কালভার্ট নির্মাণের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার বিকল্প নেই। ২০০২ সালে রাজউকের নেওয়া পরিবেশ ছাড়পত্রে বলা হয়েছিল, জলাশয় ভরাট করা বা পরিবেশবিধ্বংসী কাজ করা যাবে না।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, যে কর্তৃপক্ষ জলাধার সংরক্ষণ আইন প্রয়োগ করে অন্যদের শাস্তি দেবে, সেই রাজউকই যদি এই আইন লঙ্ঘন করে, তাহলে নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে। তিনি বলেন, ‘২০০০ সালে জলাধার সংরক্ষণ আইন প্রণয়ন হওয়ার পর এখন পর্যন্ত এই আইনে কারও শাস্তি হওয়ার নজির নেই। রাজউকের নৈতিকতা থাকলে নিশ্চয়ই শাস্তি হতো। আমরা বলতে বলতে হয়রান হয়ে গেছি।’