এবার গেরিলা যুদ্ধের হুমকি গাদ্দাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি গেরিলা যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এক অডিওবার্তায় তিনি তাঁর অনুগতদের গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) এই হুমকি আমলে না নিয়ে তার যোদ্ধাদের নিজ নিজ শহরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলিকে মুক্ত বলেও ঘোষণা করেছে এনটিসি। এ ছাড়া এনটিসি ২০ মাস অন্তর্বর্তী সময়ের জন্য একটি রূপরেখা তৈরির কাজ শুরু করেছে।এদিকে গাদ্দাফি-পরবর্তী লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বনেতারা ত্রিপোলির দেড় হাজার কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে। খবর আল জাজিরা, এএফপি, বিবিসির।গাদ্দাফির অডিও টেপ: গত বৃহস্পতিবার রাতে সিরিয়াভিত্তিক আল রাই টিভিতে গাদ্দাফির অডিওবার্তা প্রচার করা হয়। এতে গাদ্দাফি তাঁর অনুসারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। শত্রুদের পরাজিত করতে প্রতিটি শহরে প্রতিরোধ গড়ে তুলুন।’ তিনি বলেন, তারা যদি দীর্ঘমেয়াদি যুদ্ধ করতে চায়, তাহলে তা-ই হবে। গাদ্দাফি প্রশ্ন করেন, লিবিয়া যদি ধ্বংস হয়, তাহলে কে এই দেশ পরিচালনা করতে পারবে?প্রায় ৪২ বছর ধরে লিবিয়া শাসন করা গাদ্দাফি বলেন, ‘আপনারা আমার আহ্বান শুনতে না পেলেও প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান...আমরা আত্মসমর্পণ করব না। যুদ্ধ চালিয়ে যাব।’গত ২৫ আগস্ট ত্রিপোলিতে গাদ্দাফির আশ্রয়স্থল বাব আল-আজিজিয়া চত্বর দখলে নেয় বিদ্রোহীরা। এর পর থেকেই গাদ্দাফিকে খুঁজছে তারা। তবে গাদ্দাফির অবস্থান সম্পর্কে বিদ্রোহীরা এখনো নিশ্চিত হতে পারেনি।ত্রিপোলি ছাড়ার আহ্বান: এনটিসি নিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ দারাদ গতকাল বার্তা সংস্থা এএফপিকে জানান, ত্রিপোলিতে বিভিন্ন প্রদেশ থেকে আসা যোদ্ধাদের নিজ নিজ শহরে ফিরে যেতে বলা হয়েছে। তিনি বলেন, ‘ত্রিপোলি এখন মুক্ত। এখন সবার উচিত নিজের শহরে ফিরে যাওয়া। ত্রিপোলির বিপ্লবীরাই এই শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।’ আহমেদ দারাদ বলেন, শনিবার (আজ) থেকেই নিরাপত্তা বাহিনী ও পুলিশের একটি বড় অংশ তাদের নিয়মিত কাজে যোগ দেবে।এনটিসির গঠিত ত্রিপোলির সামরিক কাউন্সিলের প্রধান আবদুল্লাহ নাকির গতকাল বলেন, ‘ত্রিপোলির নিরাপত্তার দায়িত্ব ত্রিপোলির স্থানীয়দের হাতেই ছেড়ে দেওয়া উচিত। আমরা মিসরাতা, জিনতানসহ অন্য সব ব্রিগেডের কাছে কৃতজ্ঞ। ত্রিপোলি মুক্ত করতে তারা সহায়তা করেছে। কিন্তু এখন তাদের ফিরে গিয়ে বিশ্রাম করা উচিত।’এনটিসির রূপরেখা: যুক্তরাজ্যে নিযুক্ত এনটিসির প্রতিনিধি গুমা আল গামাতি বলেছেন, অন্তর্বর্তী সময় প্রায় ২০ মাসের জন্য একটি স্পষ্ট রূপরেখা তৈরির কাজ চলছে। এই সময়ের মধ্যে নির্বাচিত একটি কাউন্সিল লিবিয়ার খসড়া সংবিধান তৈরির জন্য কাজ করবে।আল গামাতি জানান, প্রথম আট মাস লিবিয়া পরিচালনা করবে এনটিসি। এরপর ২০০ ব্যক্তিকে সরাসরি নির্বাচিত করে একটি কাউন্সিল গঠিত হবে। ওই কাউন্সিলে খসড়া সংবিধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পরে তা গণভোটে দেওয়া হবে। এক বছরের মধ্যে ওই কাউন্সিল সংসদীয় ও প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে। তিনি জানান, সব মিলিয়ে ২০ মাসের মধ্যে লিবিয়ার জনগণের নির্বাচিত সরকার পাবে।প্যারিস বৈঠক: গত বৃহস্পতিবার লিবিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠক হয় প্যারিসে। এতে অন্তত ৬০টি দেশের প্রতিনিধি অংশ নেন।বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব লিবিয়ার দেড় হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। লিবিয়ার জনগণের চুরি হওয়া এসব সম্পদ দেশটির জনগণের হাতেই ফেরত দেওয়া হবে। গাদ্দাফির বিচার প্রসঙ্গে তিনি বলেন, গাদ্দাফিকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। তবে গাদ্দাফির বিচার লিবিয়ার মাটিতে, নাকি আন্তর্জাতিক আদালতে (আইসিসি) হবে, সেই সিদ্ধান্ত নেবে লিবিয়ার জনগণ।গাদ্দাফির বিচার প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও একই ধরনের মন্তব্য করেন।প্যারিস বৈঠকে এনটিসির প্রধান মুস্তাফা আবদুল জলিল বলেন, লিবিয়ার জনগণ যে সাহসী ও দৃঢ়চেতা, গাদ্দাফিকে হটিয়ে দিয়ে তারা তার প্রমাণ করেছে। লিবিয়ার জনগণের উদ্দেশে তিনি বলেন, সবকিছু আপনাদের হাতে। এখন আমাদের মতৈক্যে, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হবে।এর আগে বিদ্রোহীরা শনিবারের (আজ) মধ্যে সার্তে শহরে থাকা গাদ্দাফির সেনাদের আত্মসমর্পণ করার সময়সীমা বেঁধে দেয়। এ সময়ের মধ্যে অস্ত্রসমর্পণ না করলে কঠোর অভিযানের মুখে পড়তে হবে বলেও হুমকি দেওয়া হয়।গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে গাদ্দাফির শাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠে লিবিয়ার জনগণ। একপর্যায়ে গাদ্দাফিবিরোধী বিদ্রোহ শুরু হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে লিবিয়ার ‘বোসমরিক জনগণকে রক্ষার’ নামে বিদ্রোহীদের সহযোগিতা করে সামরিক জোট ন্যাটো। গত ২৩ আগস্ট রাজধানী ত্রিপোলিতে ঢুকে পড়ে বিদ্রোহীরা। দুই দিনের মধ্যে তারা গাদ্দাফির বাসভবন চত্বর দখল করে রাজধানীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।