এবার অপেক্ষায় থাকতে হবে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য। গতকাল বুধবার এই মামলার কার্যক্রম শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় অপেক্ষাধীন (সিএভি) রাখেন। যেকোনো দিন এ রায় ঘোষণা করা হবে।আগের দিন মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার রায় অপেক্ষাধীন রাখেন। ইতিমধ্যে ট্রাইব্যুনাল-১ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ এবং ট্রাইব্যুনাল-২ জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন ও দলটির সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-১-এ গতকাল গোলাম আযমের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের দেওয়া যুক্তি খণ্ডন করে রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষ পাল্টা যুক্তি দেয়। গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি দাবি করে রাষ্ট্রপক্ষ বলেছে, তারা সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। আসামিপক্ষের পাল্টা দাবি, রাষ্ট্রপক্ষ একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি। এ জন্য গোলাম আযমকে খালাস দিতে হবে।গতকাল রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন কৌঁসুলি সৈয়দ হায়দার আলী, সুলতান মাহ্মুদ ও তুরিন আফরোজ। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ ‘ত্রুটিপূর্ণ’ বলে আসামিপক্ষের দেওয়া যুক্তি খণ্ডন করে তুরিন আফরোজ বলেন, ট্রাইব্যুনালস আইন ত্রুটিপূর্ণ নয়। আইনে খুব স্পষ্ট করে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য ‘কমান্ডার’ ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য ‘সুপিরিয়র অফিসার’ শব্দ দুটি উল্লেখ করা হয়েছে। আইনসভার উদ্দেশ্য ছিল, এই আইনের অধীনে যেন বেসামরিক ব্যক্তিদেরও বিচার করা যায়।গোলাম আযমের বিরুদ্ধে আনা অভিযোগ ‘ত্রুটিপূর্ণ’—আসামিপক্ষের এই যুক্তি খণ্ডন করে তুরিন আফরোজ বলেন, আইনের ১৬(১) ধারা অনুসারে অভিযোগে যেসব উপাদান থাকার কথা, যেমন অপরাধের বিবরণ, তা এখানে উপস্থিত। অপরাধের দায়-এর ধরন অভিযোগে থাকতে হবে, এটা আইনে বলা নেই। পূর্ব তিমুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ফ্লোরেন্সিও তাকাকুইয়ের বিরুদ্ধে মামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, তাকাকুইয়ের বিরুদ্ধে প্রথমে প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। পরে সাক্ষ্যে জানা যায়, তিনি ছিলেন একটি মিলিশিয়া বাহিনীর প্রধান। পরে তাঁকে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে সাজা দেওয়া হয়।পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনীগুলোর ওপর গোলাম আযমের কার্যকর নিয়ন্ত্রণ ছিল না—আসামিপক্ষের এ বক্তব্যের পাল্টা যুক্তিতে এই কৌঁসুলি বলেন, আসামির প্রত্যক্ষ নিয়ন্ত্রণ একেবারেই দরকার নেই। দায়বদ্ধতা আসবে যদি আসামি ঊর্ধ্বতন অবস্থানে থেকেও অপরাধ করা থেকে অধীনস্থদের ঠেকাতে না পারেন বা অপরাধ করার পর অধীনস্থদের শাস্তি দিতে না পারেন। অভিযোগ প্রমাণের জন্য পর্যাপ্ত সাক্ষ্য নেই—আসামিপক্ষের এই যুক্তি খণ্ডন করে তিনি বলেন, সংবাদপত্র ও এতে ছাপানো ছবি যে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে, তা ট্রাইব্যুনালের আইনেই বলা আছে। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের আপিল আদালত ‘ট্রাস্টিস অব জার্মান টাউনশিপ’ মামলায় ঐতিহাসিক ঘটনা প্রমাণে প্রাচীন সংবাদপত্র ব্যবহার করেছেন। যুক্তরাজ্যের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালত ১৯৬১ সালে ‘ডালাস কাউন্টি’ মামলায় সংবাদপত্রকে ‘লিখিত প্রমাণ’ উল্লেখ করে বলেছেন, সংবাদপত্র সাক্ষ্য হিসেবে এ জন্য গ্রহণযোগ্য যে এটি বিশ্বাসযোগ্য, প্রাসঙ্গিক ও বাস্তব।পরে সৈয়দ হায়দার আলী বলেন, রাষ্ট্রপক্ষ গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উসকানি, সংশ্লিষ্টতা এবং হত্যা ও নির্যাতনের সব কটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ জন্য গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।আসামিপক্ষের আইনজীবী ইমরান এ সিদ্দিককে পাল্টা যুক্তি দিতে কিছুক্ষণ সময় দেন ট্রাইব্যুনাল। পরে ইমরান বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্যে এটা প্রমাণিত হয় না যে সহযোগী বাহিনীগুলোর সদস্যদের শাস্তি দেওয়ার বা অপরাধ করা থেকে বিরত রাখার বাস্তব ক্ষমতা গোলাম আযমের ছিল।যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, মামলার রায় সিএভি (কেস অ্যায়োটিং ভারডিক্ট) করা হলো। রায় প্রস্তুত হলে যেকোনো দিন তা ঘোষণা করা হবে।শারীরিক কারণে গোলাম আযমকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারাকক্ষে আটক আছেন।যেভাবে শুরু: মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ২০১০ সালের ১ আগস্ট গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০১১ সালের ১২ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। তবে তা ‘অবিন্যস্ত ও অগোছালো’ উল্লেখ করে ট্রাইব্যুনাল অভিযোগ পুনর্দাখিলের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ পুনর্দাখিল করলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে গত বছরের ১১ জানুয়ারি গোলাম আযমকে হাজির হতে বলেন। সে অনুযায়ী তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন জানালে তা খারিজ করে তাঁকে কারাগারে পাঠানো হয়। তবে পরে বার্ধক্যজনিত কারণে তাঁকে বিএসএমএমইউর কারাকক্ষে রাখা হয়। ১৩ মে তাঁর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ১ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৬ জন, আসামিপক্ষে একজন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে যুক্তি উপস্থাপন শুরু হয়।গোলাম আযম একাত্তরে পূর্ব পাকিস্তান জামায়াতের আমির ছিলেন। আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, একাত্তরের ২২ নভেম্বর তিনি পাকিস্তানে পালিয়ে যান। ১৯৭৩ সালের ১৮ এপ্রিল তাঁর বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা হয়। ১৯৭৮ সালের ১১ আগস্ট গোলাম আযম পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশে আসেন।