এবার গ্রেপ্তার হলেন তানভীরের স্ত্রী
হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী ও ওই গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের দাবি, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর রাত সাড়ে ১০টার দিকে জেসমিনকে রাজধানীর মিরপুরে র্যাব-৪-এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে আনা হয়। তিনি কোনো কথা বলেননি।ব্রিফিংয়ে র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, র্যাব ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ অভিযানে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মানিকগঞ্জ সার্কিট হাউসের পেছনের একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাড়িটি তাঁর এক আত্মীয়ের। ১০ অক্টোবর তিনি মিরপুর থেকে ওই বাড়িতে ওঠেন।সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক হোটেল শেরাটন) শাখা থেকে হলমার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকার বেশি আত্মসাতের ঘটনা অনুসন্ধানকারী দুদকের সদস্যরাও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। দুদকের অনুসন্ধান দলের প্রধান জয়নুল আবেদীন শিবলী বলেন, ‘জেসমিনকে শুক্রবার সকালে দুদকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের করা ১১টি মামলায় জেসমিন এজাহার নামীয় আসামি।’রাত পৌনে ১২টার দিকে জেসমিনকে রমনা থানায় সোপর্দ করে র্যাব। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান।আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জেসমিনকে তাঁর খালাতো বোন সোনালী আক্তারের শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।সোনালী আক্তার সাংবাদিকদের বলেন, গতকাল সকাল ১০টার দিকে জেসমিন তাঁদের বাড়িতে আসেন। বিকেলে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে বাসায় একা রেখে ওষুধ কিনতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন, পুরো বাড়ি র্যাব ঘিরে রেখেছে।জেসমিনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলরা ইউনিয়নের দানেজপুরে। তাঁর বাবার নাম মহিদুর রহমান।তানভীর মাহমুদ ও হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদকে ৭ অক্টোবর রাতে মিরপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। ১৪ অক্টোবর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার বরখাস্ত হওয়া ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে।